Logo

ইরান ইস্যুতে পুতিন-জিনপিংকে ধন্যবাদ জানালেন ডোনাল্ড ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুন, ২০২৬, ১৬:৩৮
ইরান ইস্যুতে পুতিন-জিনপিংকে ধন্যবাদ জানালেন ডোনাল্ড ট্রাম্প
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে সংঘাত চলাকালে চীন ও রাশিয়ার ভূমিকার প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ইস্যুতে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছিলেন, যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ জুন) জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। ইরানের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর তিনি দুই নেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্রাম্প বলেন, সংঘাত চলাকালে চীন ও রাশিয়া চাইলে পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারত। কিন্তু তারা তা করেনি। বরং নিরপেক্ষ অবস্থান ধরে রেখে উত্তেজনা বাড়তে দেয়নি।

বিজ্ঞাপন

তিনি জানান, শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক হয়েছে এবং পুরো সময়জুড়ে চীনা নেতা নিরপেক্ষ থেকেছেন। এ জন্য তিনি শির ভূমিকাকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রসঙ্গেও ট্রাম্প বলেন, তিনিও ইরান ইস্যুতে ভারসাম্যপূর্ণ ও নিরপেক্ষ অবস্থান নিয়েছিলেন। এতে কূটনৈতিক সমাধানের পথ সহজ হয়েছে।

তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, মস্কো ও বেইজিংয়ের সঙ্গে তেহরানের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইরানে মার্কিন হামলার পর রাশিয়া সতর্ক করেছিল, এ সংঘাত মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি বাড়াতে পারে। অন্যদিকে চীন যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে সমালোচনা করেছিল।

বিজ্ঞাপন

মার্কিন গোয়েন্দা সূত্রের দাবি, চীন ইরানকে কিছু দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্য সরবরাহ করেছে, যেগুলো সামরিক কাজে ব্যবহার করা সম্ভব। এছাড়া মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন দীর্ঘদিন ধরে ইরানি তেলের অন্যতম বড় ক্রেতা।

তবে ট্রাম্পের ভাষ্য, শি জিনপিং সংঘাত নিরসনে সহযোগিতামূলক ভূমিকা রেখেছেন এবং ইরানে ভারী অস্ত্র বা ক্ষেপণাস্ত্র পাঠাননি। তিনি বলেন, চীন চাইলে সামরিক উপস্থিতি বাড়িয়ে পরিস্থিতি ভিন্ন দিকে নিতে পারত, কিন্তু তারা তা করেনি।

বিজ্ঞাপন

এদিকে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে চীন ধারাবাহিকভাবে কাজ করেছে এবং কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে।

রাশিয়ার দূতাবাসের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD