ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, আহত ১

ইতালির রাজধানী রোমে এক বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের আরও এক সদস্য। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় রাত ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলের পিনেতা সাচেত্তি এলাকার ভিয়া মন্তিগ্লোতে একটি আবাসিক ভবনে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতদের মধ্যে পরিবারের প্রধান কামাল হোসেনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ইতালিতে বসবাস করছিলেন।
নিহত অপর দুইজন হলেন কামাল হোসেনের স্ত্রী ও তাদের পাঁচ বছর বয়সী কন্যা। হামলায় গুরুতর আহত হয়েছেন তাদের ১৮ বছর বয়সী ছেলে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে ওই পরিবারের বাসায় প্রবেশ করে এলোপাতাড়ি হামলা চালায়। এতে কামাল হোসেন, তার স্ত্রী ও কন্যা ঘটনাস্থলেই নিহত হন।
হামলাকারীকে প্রতিরোধের চেষ্টা করলে কামাল হোসেনের বড় ছেলেও ছুরিকাঘাতে আহত হন। পরে তিনি আহত অবস্থায় বাসা থেকে বের হওয়ার চেষ্টা করলে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে রোম পুলিশ, অ্যাম্বুলেন্স ও ইতালির বিশেষ পুলিশ বাহিনী কারাবিনিয়েরির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং আহত যুবককে হাসপাতালে পাঠান।
বিজ্ঞাপন
ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। চিকিৎসকদের বরাত দিয়ে ইতালীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আহত যুবক বর্তমানে আশঙ্কামুক্ত এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
আরও পড়ুন: এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন
ইতালীয় পুলিশের বিশেষ তদন্ত দল ও ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন। হত্যাকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এটি পরিকল্পিত হামলা, ডাকাতি নাকি ব্যক্তিগত বিরোধের জেরে ঘটেছে—তা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজও বিশ্লেষণ করা হচ্ছে।
বিজ্ঞাপন
এ ঘটনায় ইতালিপ্রবাসী বাংলাদেশিরা তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হত্যাকারীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।








