Logo

পাকিস্তানে ১১ জুলাই আবারও মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র-ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৫ জুলাই, ২০২৬, ১০:০১
পাকিস্তানে ১১ জুলাই আবারও মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র-ইরান
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু হতে যাচ্ছে। চলতি সপ্তাহেই পাকিস্তানে দুই দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে পরবর্তী দফার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, আগামী ১১ জুলাই পাকিস্তানের আয়োজনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার আলোচনা অনুষ্ঠিত হবে। বিষয়টি সম্পর্কে অবগত হলেও পরিচয় প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, বৈঠকে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা, জব্দ করা ইরানি সম্পদ এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

এছাড়া ইরানের প্রতিনিধিদল কারা নেতৃত্ব দেবেন, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সূত্রটির দাবি, দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন-সংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন

এর আগে গত ১৮ জুন ইরান ও যুক্তরাষ্ট্র লেবাননসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে যুদ্ধ বন্ধের লক্ষ্য নিয়ে একটি সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করে। ওই সমঝোতার ধারাবাহিকতায় গত ২২ জুন সুইজারল্যান্ডে দুই দেশের কারিগরি পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

এর এক দিন আগে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের মধ্যে পৃথক আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকগুলোকে সামগ্রিক কূটনৈতিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে গত বুধবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা মার্কিন ও ইরানি আলোচকদের সঙ্গে পৃথক বৈঠক সম্পন্ন করেছেন। তিনি বলেন, সমঝোতা স্মারক-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং উভয় পক্ষই আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে।

তিনি আরও জানান, পরবর্তী বৈঠকের সময়সূচি দ্রুত নির্ধারণের বিষয়ে দুই পক্ষের মধ্যে ঐকমত্য রয়েছে।

সূত্র: সিনহুয়া

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD