আমাকে থামাতে হলে মেরে ফেলতে হবে: মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংকট আরও তীব্র হওয়ার মধ্যেই দলীয় অবস্থান নিয়ে কঠোর বার্তা দিয়েছেন দলটির প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। বিদ্রোহী নেতাদের উদ্দেশে তিনি বলেছেন, ‘আমাকে থামাতে হলে মেরে ফেলতে হবে।’
বিজ্ঞাপন
শনিবার দলীয় বিদ্রোহীদের ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে মমতা বলেন, তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রতীক তার নেতৃত্বাধীন শিবিরের কাছেই থাকবে। তিনি দাবি করেন, দলীয় প্রতীক নিয়ে কোনো আপস হবে না।
তার ভাষায়, ‘দলের প্রতীক কোথাও যাচ্ছে না। যদি আমাকে থামাতে চান, তাহলে আমাকে মেরে ফেলতে হবে।’
বিজ্ঞাপন
এরই মধ্যে তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্যের পদত্যাগ দলটির জন্য নতুন ধাক্কা হয়ে এসেছে। পরে তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী শিবিরে যোগ দেন। এর আগে বিদ্রোহী নেতারা কলকাতায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেন।
চন্দ্রিমার পদত্যাগ প্রসঙ্গে মমতা বলেন, তিনি আগে থেকেই নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। তার দাবি, চন্দ্রিমার ছেলে আগেই তৃণমূলবিরোধী শিবিরে যোগ দিয়েছিলেন।
মমতা আরও বলেন, বিদ্রোহী পক্ষ থেকে তাকে ‘পরামর্শক’ হওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন। তার ভাষায়, চন্দ্রিমা নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা রাখেন, কিন্তু তিনি বিদ্রোহীদের সঙ্গে কোনোভাবেই হাত মেলাবেন না।
বিজ্ঞাপন
বিদ্রোহীদের উদ্দেশে তিনি অভিযোগ করেন, তারা চাপের মুখে দল ছেড়েছেন। তবে তিনি বা তার দল কোনো চাপের কাছে মাথা নত করবে না এবং বিজেপির সামনেও নতি স্বীকার করবে না বলে মন্তব্য করেন।
দলীয় কার্যালয় দখলের ঘটনায়ও ক্ষোভ প্রকাশ করেন মমতা। তিনি বলেন, কার্যালয়টি নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া নেওয়া হয়েছিল। কোনো ব্যক্তি দল ছেড়ে গেলেই পুরো সংগঠনের অস্তিত্ব শেষ হয়ে যায় না। এটি দলের সম্পদ এবং জোর করে কেউ তা দখল করতে পারে না।
২০১১ সালে দীর্ঘদিনের বামফ্রন্ট সরকারের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক নির্বাচনে পরাজয়ের পরও তিনি দাবি করেন, তৃণমূল কংগ্রেসের আদর্শ এখনো বিজেপিবিরোধী অবস্থানেই রয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: প্রবাসীদের জন্য নতুন আইন করল সৌদি আরব
তিনি বলেন, ‘দলের এই প্রতীক আমি এনেছি। ২০২৬ সালের নির্বাচনে আপনাদের মনোনয়নপত্রেও আমার স্বাক্ষর ছিল। মাত্র দুই মাসের মধ্যে কীভাবে আপনারা বিশ্বাসঘাতক হয়ে গেলেন? এখন আপনারা বিজেপির সঙ্গে আছেন, অথচ তৃণমূলের আদর্শই হলো বিজেপির বিরোধিতা করা।’
সূত্র: এনডিটিভি








