Logo

বিশ্বজুড়ে যৌন সম্পর্কে অনীহা বাড়ছে তরুণদের, মন্দায় ব্যবসা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৫ নভেম্বর, ২০২৬, ২১:১১
বিশ্বজুড়ে যৌন সম্পর্কে অনীহা বাড়ছে তরুণদের, মন্দায় ব্যবসা
ছবি: সংগৃহীত

বিশ্বের ধনী দেশগুলোতে মানুষের যৌনসম্পর্কের হার ধারাবাহিকভাবে কমছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এ পরিবর্তন সবচেয়ে বেশি দৃশ্যমান। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ফিনল্যান্ড ও জাপানসহ বিভিন্ন দেশে একই প্রবণতা দেখা যাচ্ছে। এর প্রভাব পড়ছে যৌন পর্যটনকেন্দ্রিক ব্যবসাতেও। প্রত্যাশিত ক্রেতা না পাওয়ায় থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন শহর পাতায়ার ব্যবসায়ীরাও হতাশ হচ্ছেন।

বিজ্ঞাপন

সম্প্রতি থাইল্যান্ডের পাতায়া বন্দরে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন ভেড়ার পর স্থানীয় ব্যবসায়ীরা বড় ধরনের বাণিজ্যের আশা করেছিলেন। আট মাসের বেশি সময় সমুদ্রে কাটিয়ে প্রায় পাঁচ হাজার নাবিক ও মেরিন সেনার সেখানে ছুটিতে যাওয়ার কথা ছিল। কিন্তু তাদের আগমনেও প্রত্যাশা অনুযায়ী ব্যবসা জমেনি।

পাতায়ার যৌন পর্যটন ব্যবসায়ীদের ধারণা ছিল, মার্কিন সেনাদের উপস্থিতিতে শহরের বার ও বিনোদনকেন্দ্রগুলোতে ভিড় বাড়বে। কিন্তু বাস্তবে অনেকেই শহর ঘুরে দেখা ও কেনাকাটায় সময় কাটিয়েছেন। বারে গেলেও আগের মতো পার্টি কিংবা আড্ডায় মেতে ওঠার পরিবর্তে মোবাইল ফোন ব্যবহারেই বেশি ব্যস্ত ছিলেন অনেকে। রাত বেশি হওয়ার আগেই হোটেলে ফিরে যাওয়ার প্রবণতাও ছিল চোখে পড়ার মতো।

পাতায়া নাইটলাইফ বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি লিসা হ্যামিলটন বলেন, আমরা ভেবেছিলাম তারা বাইরে গিয়ে পার্টি করবে, উচ্ছৃঙ্খল আচরণ করবে। কিন্তু ব্যবসা প্রত্যাশা অনুযায়ী হয়নি। আগের প্রজন্মের মেরিন সেনারা মদপান করে নানা ধরনের কাণ্ড ঘটাতেন। এখনকার প্রজন্ম সম্পূর্ণ আলাদা।

যৌনসম্পর্কের হার কমেছে উল্লেখযোগ্যভাবে

যুক্তরাজ্যের জাতীয় যৌন আচরণ ও জীবনধারা জরিপে উঠে এসেছে, দেশটিতে মানুষের যৌনসম্পর্কের হার ২০১০ সালের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ কমেছে। ১৯৯০ সালের সঙ্গে তুলনা করলে হ্রাসের পরিমাণ প্রায় অর্ধেক।

২০২২ থেকে ২০২৪ সালের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যের মানুষ গড়ে মাসে দুবার যৌনসম্পর্কে লিপ্ত হয়েছেন। ২০১০ সালে এ সংখ্যা ছিল মাসে তিনবার এবং ১৯৯০ সালে চারবার। জনসংখ্যার গড় বয়স বেড়ে যাওয়াকে সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হলেও গবেষণায় দেখা গেছে, সব বয়সী মানুষের মধ্যেই এ প্রবণতা রয়েছে।

ফ্রান্সেও পরিস্থিতি প্রায় একই। ২০২৩ সালের জরিপে দেশটির যৌন সক্রিয় মানুষের মধ্যে সম্পর্কের হার ২০ বছর আগের তুলনায় ২৫ শতাংশ কম পাওয়া গেছে। ফিনল্যান্ডের দীর্ঘমেয়াদি জরিপেও একই চিত্র দেখা যায়। ১৯৯২ সালে দেশটিতে মানুষের গড় যৌনসম্পর্কের হার ছিল মাসে প্রায় ছয়বার। ২০২৩ সালে তা চারবারের নিচে নেমে আসে।

চেক প্রজাতন্ত্রের ২০২৪ সালের প্রথম জাতীয় যৌন আচরণবিষয়ক জরিপে দেখা গেছে, দেশটির মানুষ গড়ে মাসে একবারেরও কম যৌনসম্পর্কে লিপ্ত হন। যুক্তরাষ্ট্রেও ২০১০-এর দশকের শুরুর দিকের গবেষণায় ১৯৯০-এর দশকের তুলনায় বছরে গড়ে নয়বার কম যৌনসম্পর্কের তথ্য পাওয়া যায়। জাপানেও কয়েক দশক ধরে এ নিয়ে উদ্বেগ বাড়ছে।

তরুণ প্রজন্মের মধ্যে পরিবর্তন বেশি

যুক্তরাজ্যের জরিপে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, ১৬ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে কখনো যৌনসম্পর্কে লিপ্ত না হওয়ার হার দ্রুত বাড়ছে।

গত এক দশকে এ বয়সী নারীদের মধ্যে এ হার ১৯ শতাংশ থেকে বেড়ে ৩৮ শতাংশ হয়েছে। পুরুষদের ক্ষেত্রে ১৮ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৮ শতাংশে।

জাপানের পরিসংখ্যানেও একই চিত্র পাওয়া যায়। ২০২৫ সালে দেশটির ২০ থেকে ২৪ বছর বয়সী অবিবাহিত নারীদের ৫৫ শতাংশ জানিয়েছেন, তারা কখনো যৌনসম্পর্কে লিপ্ত হননি। ২০০৫ সালে এ হার ছিল ৪০ শতাংশের নিচে।

একসময় উন্নত দেশগুলোতে কম বয়সে যৌনজীবন শুরু করার প্রবণতা বাড়ছিল। কিন্তু গত তিন দশকে সেই ধারায় পরিবর্তন এসেছে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে যৌনজীবন শুরুর গড় বয়স আবার বাড়ছে।

ফ্রান্সে নারীদের প্রথম যৌনসম্পর্কের গড় বয়স ১৯৬০-এর দশকে ছিল ২০ বছর। ২০১০-এর দশকে তা কমে ১৭ বছরের কিছু বেশি হয়েছিল। বর্তমানে আবার তা ১৮ বছরের ওপরে উঠেছে।

সঙ্গী খুঁজে পাওয়াও বড় চ্যালেঞ্জ

গবেষকদের মতে, তরুণদের মধ্যে যৌন আগ্রহ কমে যাওয়াই একমাত্র কারণ নয়। বরং উপযুক্ত সঙ্গী খুঁজে পাওয়ার সুযোগ কমে যাওয়াও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

যুক্তরাষ্ট্রের কিনসি ইনস্টিটিউটের গবেষক রোন্ডা বালজারিনি মনে করেন, তরুণদের যৌন আগ্রহ রয়েছে, কিন্তু সঙ্গী খুঁজে পাওয়ার সুযোগ কম।

যুক্তরাষ্ট্রে ১৮ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে সঙ্গীর সঙ্গে বসবাসের হার গত এক দশকে ১০ শতাংশীয় পয়েন্ট কমে ৩২ শতাংশে দাঁড়িয়েছে। ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচিত হওয়ার সুযোগ বাড়লেও প্রত্যাশা ও পছন্দের নানা শর্তের কারণে অনেকেই সম্ভাব্য সঙ্গীকে গ্রহণ করছেন না। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও স্মার্টফোনের ব্যবহার সরাসরি মেলামেশার সময়ও কমিয়ে দিচ্ছে।

ব্যক্তিগত স্বাধীনতা ও ঝুঁকি এড়িয়ে চলা

গবেষকদের একটি অংশ মনে করেন, তরুণদের মধ্যে ব্যক্তিগত সাফল্য ও নিজস্ব চাহিদাকে অগ্রাধিকার দেওয়ার প্রবণতা বেড়েছে। ফলে জীবনসঙ্গী নির্বাচনে তারা আগের প্রজন্মের তুলনায় বেশি সতর্ক ও বাছবিচার করছেন।

এ ছাড়া মদ্যপান, ধূমপান, মাদক গ্রহণ এবং ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডে তরুণদের অংশগ্রহণ কমেছে। এর সঙ্গেও যৌনসম্পর্কের হার হ্রাসের যোগসূত্র থাকতে পারে।

যুক্তরাষ্ট্রের গবেষক স্কট সাউথ ও লেই লেইয়ের গবেষণায় দেখা গেছে, তরুণদের যৌনসম্পর্ক কমে যাওয়ার এক-তৃতীয়াংশের জন্য সঙ্গী না থাকাকে দায়ী করা যায়। বাকি অংশের সঙ্গে বিভিন্ন সামাজিক ও ব্যক্তিগত অভ্যাসের সম্পর্ক রয়েছে।

গবেষণায় আরও দেখা গেছে, যারা কম যৌনসম্পর্কে লিপ্ত হন, তাদের মধ্যে মদ্যপানের প্রবণতাও তুলনামূলক কম। বিশেষ করে পুরুষদের মধ্যে ভিডিও গেম খেলার প্রবণতা বেশি দেখা যায়। গবেষকদের ধারণা, মদ্যপান ও বাইরে ঘোরাঘুরি কমে যাওয়ায় নতুন সম্পর্ক তৈরির সুযোগও সংকুচিত হচ্ছে।

তবে ঝুঁকিপূর্ণ আচরণ কমার ইতিবাচক দিকও রয়েছে। অতিরিক্ত মদ্যপানের সঙ্গে কম বয়সে যৌনসম্পর্ক, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ, যৌন হয়রানি এবং পরবর্তী সময়ে অনুশোচনার ঝুঁকি বাড়তে পারে।

অভিভাবকদের নজরদারিতেও কমছে স্বাধীনতা

তরুণদের ব্যক্তিগত জীবন ও স্বাধীনতার ওপর অভিভাবকদের অতিরিক্ত নজরদারিকেও সম্ভাব্য কারণ হিসেবে দেখছেন গবেষকরা।

বর্তমানে অনেক বাবা-মা মোবাইল অ্যাপের মাধ্যমে সন্তানদের অবস্থান ও চলাফেরা পর্যবেক্ষণ করেন। এমনকি প্রাপ্তবয়স্ক হওয়ার পরও অনেক তরুণকে এ ধরনের নজরদারির মধ্যে থাকতে হয়। যুক্তরাষ্ট্রের একটি গবেষণায় দেখা গেছে, কলেজ শিক্ষার্থীদের ৩৬ শতাংশের ওপর অভিভাবকদের এমন নজরদারি রয়েছে।

গবেষকদের মতে, অতিরিক্ত নিয়ন্ত্রণের কারণে তরুণদের স্বাধীনভাবে চলাফেরা ও সামাজিক সম্পর্ক গড়ে তোলার সুযোগ কমছে। আগের প্রজন্মের তুলনায় তারা কম বয়সে একা বাইরে যাওয়া, গাড়ি চালানো, চাকরি করা কিংবা পরিবারের বাইরে বসবাস শুরু করছেন।

যুক্তরাজ্যে ১৫ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যে বাবা-মায়ের সঙ্গে বসবাসকারীর হার ১৯৯৬ সালে ছিল ৩৬ শতাংশ। ২০২০ সালে তা বেড়ে ৪২ শতাংশ হয়েছে।

যুক্তরাষ্ট্রের কিনসি ইনস্টিটিউটের জরিপে দেখা গেছে, ১৮ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে যারা বাবা-মায়ের সঙ্গে থাকেন, তাদের ৬৪ শতাংশ আগের তিন মাসে কোনো যৌনসম্পর্কে লিপ্ত হননি। একা বসবাসকারীদের ক্ষেত্রে এ হার ২৭ শতাংশ।

পর্নোগ্রাফি ও হস্তমৈথুন কতটা দায়ী

যৌনসম্পর্কের হার কমার পেছনে পর্নোগ্রাফি দেখা ও হস্তমৈথুনের প্রবণতা বৃদ্ধির বিষয়টিও আলোচনায় এসেছে। যুক্তরাজ্যে যৌন অভিজ্ঞতা রয়েছে এমন নারীদের মধ্যে সম্প্রতি হস্তমৈথুন করার হার ৫৯ শতাংশ। এক দশক আগে এ হার ছিল ৪১ শতাংশ। পুরুষদের ক্ষেত্রে তা বেড়ে ৮৪ শতাংশ হয়েছে।

ফ্রান্সেও নারীদের মধ্যে এ প্রবণতা বেড়েছে। ২০০৬ সালে দেশটির ৫৭ শতাংশ নারী জীবনে কখনো হস্তমৈথুন করার কথা জানিয়েছিলেন। ২০২৩ সালে এ হার বেড়ে ৭৩ শতাংশ হয়েছে।

পর্নোগ্রাফি দেখার প্রবণতাও বেড়েছে, বিশেষ করে পুরুষদের মধ্যে। যুক্তরাজ্যের প্রায় অর্ধেক তরুণ নারী এবং ৯০ শতাংশের কাছাকাছি তরুণ পুরুষ গত এক বছরে পর্নোগ্রাফি দেখেছেন বলে জানিয়েছেন।

তবে পর্নোগ্রাফি দেখা কিংবা হস্তমৈথুনের কারণে মানুষের যৌনসম্পর্কের আগ্রহ কমছে, এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো শক্ত প্রমাণ নেই। কিছু গবেষণায় বরং বেশি পর্নোগ্রাফি দেখার সঙ্গে বেশি যৌনসম্পর্কের যোগসূত্র পাওয়া গেছে। আবার সঙ্গী না থাকলে পুরুষদের মধ্যে হস্তমৈথুনের প্রবণতা বাড়তে পারে।

স্মার্টফোন ও অনলাইন বিনোদন মানুষের অবসর সময় কমিয়ে দিচ্ছে কি না, তা নিয়েও বিতর্ক রয়েছে। তবে যৌনসম্পর্ক কমার প্রবণতা স্মার্টফোনের ব্যাপক বিস্তারের আগেই শুরু হয়েছিল। ফলে একে একক কারণ হিসেবে দেখার সুযোগ নেই।

দাম্পত্য জীবনেও কমছে ঘনিষ্ঠতা

এ পরিবর্তন শুধু তরুণ কিংবা অবিবাহিতদের মধ্যে সীমাবদ্ধ নয়। বিভিন্ন বয়সের বিবাহিত ও দীর্ঘদিনের সম্পর্কে থাকা দম্পতিদের মধ্যেও যৌনসম্পর্কের হার কমছে।

ফিনল্যান্ডের গবেষণায় দেখা গেছে, যারা সবচেয়ে বেশি যৌনসম্পর্কে লিপ্ত হন, তাদের অনেকেই স্থায়ী সম্পর্কে থাকলেও একসঙ্গে বসবাস করেন না। তবে তাদের মধ্যে নতুন সম্পর্কে থাকা ব্যক্তির সংখ্যাও বেশি। অর্থাৎ সম্পর্কের বয়স ও ধরন এ ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে।

যুক্তরাষ্ট্রে কিছু গবেষণায় ধর্মীয় বিবাহিত দম্পতিদের মধ্যে যৌনসম্পর্কের হার ও সন্তুষ্টি তুলনামূলক বেশি হওয়ার তথ্য পাওয়া গেছে। গবেষকদের ধারণা, ধর্মীয় বিশ্বাস ও একসঙ্গে বিভিন্ন অভিজ্ঞতা ভাগাভাগি করার কারণে দম্পতিদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে পারে। তবে যুক্তরাজ্যের গবেষণায় বিবাহিতদের যৌনসম্পর্কের হার ও ধর্মীয় বিশ্বাসের মধ্যে সরাসরি সম্পর্ক পাওয়া যায়নি।

কাজের চাপ ও সন্তান পালনের ব্যস্ততা

দম্পতিদের ঘনিষ্ঠতা কমার পেছনে কর্মব্যস্ততা, মানসিক চাপ এবং ক্লান্তিকেও গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বিবেচনা করছেন গবেষকরা। আধুনিক জীবনে চাকরি, সন্তান পালন ও ব্যক্তিগত সময়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পড়ছে।

বিশেষ করে ছোট সন্তানদের দেখাশোনার দায়িত্ব দম্পতিদের অবসর ও ঘুমের সময় কমিয়ে দেয়। জার্মানির একটি বড় গবেষণায় দেখা গেছে, দম্পতিদের সন্তানের বয়স যত কম, তাদের যৌনসম্পর্কের হারও তত কম।

যুক্তরাষ্ট্রের ১৯৭৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সন্তান পালনে বাবা-মায়ের ব্যয় করা সময় ধারাবাহিকভাবে বেড়েছে। মিলেনিয়াল মায়েরা বেবি বুমার প্রজন্মের মায়েদের তুলনায় সন্তানদের সঙ্গে ৫২ শতাংশ বেশি সময় কাটান। অন্যদিকে মিলেনিয়াল বাবারা আগের প্রজন্মের বাবাদের তুলনায় সন্তান পালনে দ্বিগুণ সময় ব্যয় করেন।

এ ছাড়া নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ বাড়লেও অনেক পরিবারে ঘরের কাজ ও সন্তান পালনের বড় দায়িত্ব এখনো তাদের ওপর থাকে। ফলে দম্পতিদের একান্ত সময় কমে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

জাপানেও কর্মসংস্কৃতি ও ঘরের কাজের অসম বণ্টনকে যৌনসম্পর্ক কমে যাওয়ার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। দেশটিতে অনেক নারী-পুরুষ সপ্তাহে ৫০ ঘণ্টার বেশি কাজ করেন। পাশাপাশি সন্তান পালন ও পারিবারিক দায়িত্বের বড় অংশ নারীদের সামলাতে হয়।

জাপানি বিবাহিত নারীদের যৌনসম্পর্কে অনীহার অন্যতম কারণ হিসেবে অতিরিক্ত ঝামেলার বিষয়টি উঠে এসেছে। পুরুষদের ক্ষেত্রে সবচেয়ে বেশি উল্লেখ করা কারণ হলো, তাদের সঙ্গীর যৌনসম্পর্কে আগ্রহ না থাকা।

সব মিলিয়ে বিশ্বের উন্নত দেশগুলোতে যৌনসম্পর্কের হার কমে যাওয়ার পেছনে একক কোনো কারণ নেই। সঙ্গী খুঁজে পাওয়ার সীমিত সুযোগ, ব্যক্তিগত পছন্দ, অভিভাবকদের নজরদারি, কর্মব্যস্ততা, সন্তান পালনের চাপ এবং পরিবর্তিত জীবনযাপন এতে ভূমিকা রাখছে। তবে গবেষকদের মতে, এই পরিবর্তনকে পুরোপুরি নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই। কারণ অনাকাঙ্ক্ষিত ও অনিচ্ছাকৃত যৌনসম্পর্কের ঝুঁকি কমে যাওয়াও এর একটি ইতিবাচক দিক।

সূত্র: দ্য ইকোনমিস্ট

জেবি/এসডি
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD