Logo

হাদিসের বিশেষ সনদ সম্মাননা পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ নভেম্বর, ২০২৬, ২২:২৩
হাদিসের বিশেষ সনদ সম্মাননা পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় হাদিসশাস্ত্রের চর্চা ও প্রসারে সমর্থনের স্বীকৃতিস্বরূপ বিশেষ ‘হাদিস সনদ সম্মাননা’ পেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ভারতের প্রধান মুফতি শায়খ আবুবকর আহমদের নেতৃত্বে আন্তর্জাতিক পর্যায়ের বিশিষ্ট আলেম ও হাদিসবিশারদরা তাকে এ সম্মাননা প্রদান করেন।

বিজ্ঞাপন

সোমবার (২৩ নভেম্বর) রাতে মালয়েশিয়ার পুত্রা মসজিদে আয়োজিত আন্তর্জাতিক হাদিস পাঠ ও সমাপনী অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। ‘জামি আত-তিরমিজি ও আশ-শামায়েলে মুহাম্মদিয়া’ গ্রন্থের ১১ দিনব্যাপী পাঠ কার্যক্রমের সমাপনী উপলক্ষে এ আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, এ সম্মাননা শুধু আনোয়ার ইব্রাহিমের ব্যক্তিগত স্বীকৃতি নয়; বরং মালয়েশিয়ায় হাদিসশাস্ত্রের মর্যাদা ও চর্চা প্রতিষ্ঠায় আলেম, গবেষক, ধর্মীয় প্রতিষ্ঠান, হাদিসের শিক্ষক এবং শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি।

সম্মাননার অংশ হিসেবে আনোয়ার ইব্রাহিমকে ‘তুহফাতুল জলিস বি ইজাজাতি ফাখামাতির রঈস’ শীর্ষক একটি বিশেষ সনদপত্রও দেওয়া হয়। বাহরাইনের শায়খ ড. নাজি রশিদ আল-আরাবি এটি সংকলন করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এই বিশেষ সনদে হাদিসশাস্ত্রের প্রসিদ্ধ ছয়টি নির্ভরযোগ্য গ্রন্থের সনদ অন্তর্ভুক্ত রয়েছে। এগুলো হলো সহিহ বুখারি, সহিহ মুসলিম, সুনানে আবু দাউদ, জামি আত-তিরমিজি, সুনানে নাসায়ি ও সুনানে ইবনে মাজাহ। এ ছাড়া ইমাম মালিকের মুয়াত্তা এবং ইমাম আবু হানিফা, ইমাম শাফেয়ি ও ইমাম আহমদের মুসনাদসহ ধারাবাহিক বর্ণনাসম্পন্ন হাদিস এবং প্রচলিত হাদিসশাস্ত্রীয় নীতিমালা অনুযায়ী সাধারণ সনদও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগের মাধ্যমে মালয়েশিয়া বিশ্বের বিভিন্ন দেশের আলেম, হাদিসের সনদধারী বিশেষজ্ঞ এবং জ্ঞানপিপাসু শিক্ষার্থীদের মিলনকেন্দ্র হিসেবে গড়ে উঠছে।

বিজ্ঞাপন

এ আয়োজনে পুত্রা মসজিদে প্রায় ১০ হাজার অংশগ্রহণকারী এবং দেশি-বিদেশি ৪০ জন বিশিষ্ট আলেম ও হাদিসবিশারদ সমবেত হন। এর মধ্য দিয়ে ১১ দিনব্যাপী হাদিসশাস্ত্রের পাঠ ও শিক্ষাকার্যক্রমের সমাপ্তি ঘটে।

এর আগে ২০২৪ সালে সহিহ বুখারি এবং ২০২৫ সালে সহিহ মুসলিমের পাঠ ও সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এ বছর আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল ‘আশ-শামায়েলে মুহাম্মদিয়া’ গ্রন্থের পাঠ।

গ্রন্থটিতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শারীরিক গঠন, ব্যক্তিত্ব, জীবনযাপন, চারিত্রিক বৈশিষ্ট্য ও উত্তম আখলাকসংক্রান্ত বিভিন্ন বর্ণনা সংকলিত হয়েছে। মুসলমানদের সামনে মহানবী (সা.)-এর জীবনাদর্শ তুলে ধরা এবং তার সুন্নাহ অনুসরণে উৎসাহিত করাই এ গ্রন্থ পাঠের অন্যতম উদ্দেশ্য।

বিজ্ঞাপন

আয়োজকদের প্রত্যাশা, গুরুত্বপূর্ণ হাদিসগ্রন্থগুলোর এ ধরনের পাঠ ও শিক্ষাকার্যক্রম সনদভিত্তিক হাদিসচর্চার ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে। পাশাপাশি মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা এবং তার সুন্নাহ অনুসরণের আগ্রহ বাড়াতেও ভূমিকা রাখবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD