মনের মানুষ খুঁজে দেওয়ার দায়িত্ব নিল এআই, বিয়ে না হলে টাকা ফেরত

চীনে জীবনসঙ্গী খুঁজে দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত নতুন ডেটিং অ্যাপ চালু হয়েছে। ‘লিয়াংপেই এআই’ নামের অ্যাপটির প্রতিশ্রুতি, তিন বছরের মধ্যে ব্যবহারকারীর জন্য উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে দিতে না পারলে সাবস্ক্রিপশনের পুরো অর্থ ফেরত দেওয়া হবে।
বিজ্ঞাপন
গত জুলাইয়ে চালু হওয়া অ্যাপটির বার্ষিক সাবস্ক্রিপশন ফি ২ হাজার ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ হাজার টাকা বা ৩০০ মার্কিন ডলার। অর্থাৎ তিন বছরের মধ্যে বিয়ে না হলে গ্রাহককে অর্থ ফেরতের সুযোগ দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
অ্যাপটির বিশেষত্ব হলো, এখানে একসঙ্গে একাধিক ব্যক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ নেই। একজন ব্যবহারকারী একবারে কেবল একজন সম্ভাব্য সঙ্গীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। চলমান পরিচয় শেষ না হওয়া পর্যন্ত নতুন কাউকে খোঁজার সুযোগও থাকবে না।
নিবন্ধনের সময় ব্যবহারকারীকে নিজের প্রকৃত নাম ও ছবি দিতে হয়। পাশাপাশি তিনি অবিবাহিত কি না, সেটিও যাচাই করা হয়। প্রতিষ্ঠানটির দাবি, চালুর প্রথম মাসেই যাচাই প্রক্রিয়ায় ১৫০ জনের বেশি বিবাহিত ব্যক্তিকে বাদ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
নতুন ব্যবহারকারীদের প্রথমে এআইয়ের সঙ্গে প্রায় ২০ মিনিট কথা বলতে হয়। এ সময় তাঁদের পারিবারিক পরিচয়, বেড়ে ওঠা, শিক্ষাগত যোগ্যতা, পেশা, আগ্রহ, ব্যক্তিত্ব, জীবনযাপন এবং জীবনসঙ্গী সম্পর্কে প্রত্যাশার মতো বিষয় জানতে চায় এআই। এসব তথ্য বিশ্লেষণ করে তৈরি করা হয় বিস্তারিত প্রোফাইল। এরপর ব্যক্তিত্ব, মূল্যবোধ, জীবনযাপন ও পারিবারিক পটভূমির সামঞ্জস্য বিবেচনায় সম্ভাব্য সঙ্গী খুঁজে দেয় অ্যাপটি।
লিয়াংপেই এআইয়ের প্রতিষ্ঠাতা জেং সিনসুন। এর আগে তিনি চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান মুনশট এআইয়ের তৈরি চ্যাটবট কিমির এআই সার্চ প্রযুক্তির উন্নয়নে নেতৃত্ব দিয়েছেন। ঘটকসেবার ধারণা থেকেই প্রযুক্তি ব্যবহার করে জীবনসঙ্গী খোঁজার এই উদ্যোগ নেন তিনি।
গত বছর কিমি কে-টু প্রকাশের সময় চাকরি ছেড়ে নিজস্ব উদ্যোগ শুরু করেন জেং। এর জন্য তাঁকে কয়েক কোটি ইউয়ান মূল্যমানের শেয়ার অপশনের সম্ভাবনাও ছেড়ে দিতে হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
জেংয়ের ভাষ্য, প্রচলিত ডেটিং অ্যাপগুলো অনেকটা ‘অনলাইন হলুদ পাতা’র মতো। এসব প্ল্যাটফর্মে মানুষের পরিচিতি পাওয়া গেলেও উপযুক্ত জীবনসঙ্গী বেছে নেওয়ার কঠিন কাজটি ব্যবহারকারীকেই করতে হয়। তাঁর মতে, তরুণদের জীবনসঙ্গী নির্বাচনের মানদণ্ড এখন অনেক বেশি পুঙ্খানুপুঙ্খ। অথচ প্রচলিত অ্যাপগুলো মানুষের পছন্দ, ব্যক্তিত্ব ও জীবনযাপনের ধরন যথাযথভাবে বুঝতে পারে না।
এই সীমাবদ্ধতা কাটাতেই এআইকে কাজে লাগাচ্ছেন তিনি। জেং নিজেও একটি ডেটিং অ্যাপের মাধ্যমে স্ত্রীর সঙ্গে পরিচিত হয়েছিলেন। দুজনই নিজেদের সম্পর্কে এক হাজার শব্দের বেশি লিখেছিলেন। মাত্র এক দিনের কথোপকথনের পর তাঁরা দেখা করার সিদ্ধান্ত নেন। জেংয়ের ধারণা, শুরুতেই একে অপরকে ভালোভাবে বুঝতে পারার কারণে তাঁদের সম্পর্ক দ্রুত এগিয়েছিল।
বিজ্ঞাপন
তিন বছরে বিয়ে না হলে ফেরত সাবস্ক্রিপশনের টাকা
অ্যাপটির সবচেয়ে আলোচিত দিক হলো অর্থ ফেরতের প্রতিশ্রুতি। প্রতিষ্ঠাতা জেংয়ের মতে, বিয়ে একটি স্বতন্ত্র আইনি অবস্থান। অনুমোদিত ও আইনসম্মত পদ্ধতিতে কারও বিয়ে হয়েছে কি না, তা যাচাই করা সম্ভব।
তবে এ প্রতিশ্রুতি নিয়ে কিছু প্রশ্নও উঠেছে। কোনো ব্যবহারকারী অ্যাপটি খুব কম ব্যবহার করলেও অন্য কোনো মাধ্যমে বিয়ে করলে তিনি টাকা ফেরত পাবেন কি না, তা এখনো পরিষ্কার নয়। একইভাবে ত্রৈমাসিক ও আজীবন ব্যবহারের প্যাকেজে তিন বছরের অর্থ ফেরতের নিশ্চয়তা প্রযোজ্য কি না, সেটিও স্পষ্ট করা হয়নি।
বিজ্ঞাপন
জেংয়ের বক্তব্য, ব্যবহারকারীকে জীবনসঙ্গী খুঁজে দিতে ব্যর্থ হলে ম্যাচমেকিং সেবা থেকে মুনাফা করা উচিত নয়। অ্যাপটি কাজে না এলে তিনি গ্রাহকের টাকা ফেরত দিতে প্রস্তুত।
সম্পর্কের জটিলতা নিয়েও পরামর্শ দেবে এআই
লিয়াংপেই এআইতে ‘এআই স্ট্র্যাটেজিস্ট’ নামে একটি বিশেষ সুবিধা রয়েছে। ব্যবহারকারীর প্রোফাইল ও কথোপকথনের তথ্য বিশ্লেষণ করে সম্পর্কের বিভিন্ন সমস্যা নিয়ে পরামর্শ দেয় এটি।
বিজ্ঞাপন
এক নারী ব্যবহারকারী তাঁর সঙ্গে পরিচিত হওয়া এক পুরুষের কাছ থেকে উত্তর পাওয়া বন্ধ হয়ে গেলে এ সুবিধার সাহায্য নেন। এআই তাঁকে জানায়, কেউ ব্যস্ত থাকলেও তিন দিনের মধ্যে নিজের অনুপস্থিতির কারণ জানানো উচিত।
পরামর্শ পাওয়ার পর ওই নারী চলমান পরিচয়টি শেষ করেন। পরে নিজের জন্য উপযুক্ত একজন সঙ্গী খুঁজে পান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, লিয়াংপেই এআইতে ইতোমধ্যে ৩৫ হাজারের বেশি মানুষ নিবন্ধন করেছেন। তাঁদের মধ্যে প্রায় ৯ শতাংশ অর্থ দিয়ে সেবা নিচ্ছেন। এ ছাড়া প্রাথমিক পর্যায়ে বিনিয়োগকারীদের কাছ থেকে দেড় কোটি ইউয়ান, অর্থাৎ প্রায় ২২ লাখ মার্কিন ডলার অর্থায়ন পেয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞাপন
তবে অ্যাপটি নতুন হওয়ায় এর মাধ্যমে কতজনের সফল পরিচয় বা বিয়ে হয়েছে, সে বিষয়ে এখনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। তিন বছরের মধ্যে বিয়ে না হলে অর্থ ফেরতের প্রতিশ্রুতিও এখনো বাস্তবে যাচাইয়ের পর্যায়ে পৌঁছায়নি। প্রথম ব্যবহারকারীদের সাবস্ক্রিপশনের তিন বছর পূর্ণ হবে ২০২৯ সালে।
বিশ্লেষকদের মতে, এআইয়ের মাধ্যমে উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে পাওয়ার সুযোগ তৈরি হলে দাম্পত্য জীবনে ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে মানুষের প্রেম, সম্পর্ক ও জীবনসঙ্গী নির্বাচনের মতো ব্যক্তিগত বিষয়ে প্রযুক্তির ভূমিকা কতটা কার্যকর হবে, তা সময়ই বলে দেবে।








