Logo

ভারতের ওপর আবারও নতুন করে শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ নভেম্বর, ২০২৬, ২০:৪৪
ভারতের ওপর আবারও নতুন করে শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

শিল্প খাতে অতিরিক্ত সরকারি ভর্তুকি দিয়ে উৎপাদন বাড়ানো এবং মার্কিন প্রতিষ্ঠানগুলোকে প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত করার অভিযোগে ভারত, চীনসহ কয়েক ডজন দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। কয়েক মাসের তদন্ত শেষে এ বিষয়ে ঘোষণা দিতে পারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

বিজ্ঞাপন

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে) সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার চলতি সপ্তাহেই চীন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং আরও ১৪টি দেশের শিল্প খাতে সরকারি ভর্তুকি দেওয়ার বিষয়ে তদন্তের ফল প্রকাশ করতে পারেন। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, ঘোষণার সময়সূচিতে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

জেমিসন গ্রিয়ারের অভিযোগ, এসব দেশের সরকার নিজস্ব শিল্পপ্রতিষ্ঠানকে বিভিন্নভাবে আর্থিক ও নীতিগত সহায়তা দিচ্ছে। এর ফলে প্রতিষ্ঠানগুলো কম দামে বিপুল পরিমাণ পণ্য উৎপাদন করে আন্তর্জাতিক বাজারে সরবরাহ করতে পারছে। এতে মার্কিন উৎপাদকদের জন্য প্রতিযোগিতা কঠিন হয়ে উঠছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সম্ভাব্য নতুন শুল্কের তালিকায় চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্যদেশের পণ্য থাকতে পারে। অধিকাংশ রপ্তানি পণ্যের ওপরই শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ির মতো কয়েকটি শিল্পপণ্য এর বাইরে রাখা হতে পারে। জাতীয় নিরাপত্তার যুক্তিতে এসব পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে আগে থেকেই পৃথক শুল্ক কার্যকর রয়েছে।

নতুন শুল্কের হার এখনো নির্ধারণ করা হয়নি। তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, ২০২৫ সালে ঘোষিত শুল্কের হারের কাছাকাছি থাকতে পারে নতুন শুল্কও। এর আগে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের প্রথম দফার শুল্ক বাতিল করেন।

যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি রয়েছে, তাদের ক্ষেত্রে চুক্তির শর্ত অনুযায়ী শুল্কের হার নির্ধারিত হতে পারে। সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে ১৫ শতাংশ বা তার কম শুল্ক বসতে পারে। বিপরীতে, ভারত ও ভিয়েতনামের মতো দেশের পণ্যে তুলনামূলক বেশি শুল্ক আরোপের সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর বাণিজ্য চুক্তির শর্তও বিবেচনায় নেওয়া হবে।

বিজ্ঞাপন

চীনের ক্ষেত্রে শুল্কের হার অন্য অনেক দেশের তুলনায় বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন প্রশাসনের দাবি, চীনের শিল্প খাতে সরকারি ভর্তুকির পরিমাণ অনেক বেশি, যা আন্তর্জাতিক বাণিজ্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে।

এ ছাড়া কোনো দেশের শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা আরও বাড়লে কিংবা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সময় নীতিগত পরিবর্তন আনতে ব্যর্থ হলে ভবিষ্যতে শুল্ক বাড়ানোর সুযোগও রাখা হতে পারে।

নতুন শুল্কের পাশাপাশি জুলাইয়ে ঘোষিত আরেকটি শুল্ক পদক্ষেপও কার্যকর হতে পারে। জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্যের আমদানি ঠেকাতে পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ার অভিযোগে ৬০টি দেশের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে ডব্লিউএসজের প্রতিবেদনে বলা হয়েছে, ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, চীনে এনভিডিয়ার উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ পাচারের অভিযোগকে কেন্দ্র করে ট্রাম্প প্রশাসনের চীননীতি নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। এ বিষয়ে মার্কিন সরকার আগে থেকে কী জানত, তা নিয়ে দেশটির প্রধান দুই রাজনৈতিক দলের আইনপ্রণেতাদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।

ডব্লিউএসজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন শুল্ক আরোপের ঘোষণা এলে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ঘিরে চলমান বিতর্ক থেকে জনমনে মনোযোগ সরে যেতে পারে। চীনে কোম্পানিটির চিপ পাচারের অভিযোগ সম্পর্কে মার্কিন প্রশাসনের পূর্ববর্তী অবস্থান ও ভূমিকা নিয়েই মূলত ওই বিতর্ক তৈরি হয়েছে।

সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, দ্য ইকোনমিক টাইমস।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD