Logo

স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিলেন প্রধান শিক্ষিকা স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৫ নভেম্বর, ২০২৬, ২০:৩৫
স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিলেন প্রধান শিক্ষিকা স্ত্রী
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত স্বামীকে নতুন জীবন দিতে নিজের একটি কিডনি দান করেছেন স্ত্রী। সফলভাবে সম্পন্ন হয়েছে স্বামী-স্ত্রীর কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

সুদাম পাল নামে ওই ব্যক্তি পেশায় একজন সহকারী শিক্ষক। তার জীবন বাঁচাতে কিডনি দিয়েছেন স্ত্রী মন্দিরা রানী পাল, যিনি নিজেও একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভারতীয় সময় সকাল ১০টায় দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে তাদের অস্ত্রোপচার শুরু হয়। দীর্ঘ সময় ধরে চলা সার্জারি শেষে একই দিন সন্ধ্যায় চিকিৎসকেরা সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন করেন।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ভারতে অবস্থানরত মন্দিরা রানী পালের ভাই সবুজ কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

সুদাম পাল গৌরনদী উপজেলার নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। পাশাপাশি তিনি গৌরনদী উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক। তার স্ত্রী মন্দিরা রানী পাল একই উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

সুদাম পালের ঘনিষ্ঠ বন্ধু ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া জানান, ২০০৪ সালে বিয়ে করেন সুদাম ও মন্দিরা। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০১৯ সালে সুদাম কিডনি রোগে আক্রান্ত হওয়ার পর থেকেই পরিবারটির মধ্যে দুশ্চিন্তা দেখা দেয়।

দেশে ও ভারতে দীর্ঘদিন চিকিৎসা করানোর পর চিকিৎসকেরা সুদামের কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। বিভিন্ন স্থানে চেষ্টা করেও উপযুক্ত কিডনি দাতা পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে স্বামীর জীবন রক্ষায় নিজের একটি কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন মন্দিরা।

স্বামীর প্রতি ভালোবাসা প্রকাশ করে মন্দিরা বলেছিলেন, “আমার স্বামী যদি পৃথিবীতে বেঁচে না থাকেন, তাহলে আমার বেঁচে থেকে কী লাভ!”

কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় আদালত, আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয়-সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করে গত ২৯ সেপ্টেম্বর থেকে দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে তাদের চিকিৎসা শুরু হয়। হাসপাতালটির ইউরোলজি, কিডনি ট্রান্সপ্লান্টেশন, রোবোটিক অ্যান্ড ইউরো-অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. অনন্ত কুমারের তত্ত্বাবধানে চিকিৎসা ও প্রয়োজনীয় ফলোআপ চলে।

গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির বলেন, “স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর এই আত্মত্যাগ ও ভালোবাসা নিঃসন্দেহে অনন্য উদাহরণ হয়ে থাকবে।”

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD