হাসিনার প্রত্যাবাসন নিয়ে আগের অবস্থান থেকে সরে এলো দিল্লি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থানে নতুন বক্তব্য যুক্ত হয়েছে। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো প্রত্যাবাসনের অনুরোধ এখনো যাচাই-বাছাই করা হচ্ছে। পাশাপাশি তিনি বলেছেন, কোনো নাগরিক নিজের ইচ্ছায় নিজ দেশে ফিরতে চাইলে সেটি ভিন্ন বিষয়।
বিজ্ঞাপন
বুধবার (২৫ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে প্রত্যাবাসন প্রসঙ্গে ভারতের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল, বিষয়টি আইনগত এবং আইনগত প্রক্রিয়াতেই এর সমাধান করা হবে। তবে এবার সেই বক্তব্যের সঙ্গে নাগরিকের স্বেচ্ছায় দেশে ফেরার বিষয়টিও যুক্ত করলেন জয়সওয়াল।
এদিকে শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে নয় মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছর পূর্ণ হবে ওই দিন।
২০২৪ সালের ৫ আগস্ট গণ-আন্দোলনের মুখে ১৫ বছরের শাসনের অবসানের পর বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সরকারের কাছে দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে যাতায়াতের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন শেখ হাসিনা।
তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশি একটি উড়োজাহাজে করে ভারতে গিয়েছিলেন। তাই এবার দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও সরকারের কাছে উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছেন তিনি।








