Logo

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‌‘দখলে নিয়ে নেব’, হুমকি বিজেপি নেতার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৫ নভেম্বর, ২০২৬, ১৯:০২
১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‌‘দখলে নিয়ে নেব’, হুমকি বিজেপি নেতার
ছবি: সংগৃহীত

বাংলাদেশকে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে দখলে নেওয়ার বিতর্কিত হুমকি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও মন্ত্রী অর্জুন সিং। তার এমন মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার পশ্চিমবঙ্গের ভাটপাড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্জুন সিং বলেন, ‘আমরা ১৬ই ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব। যথেষ্ট হয়েছে, বাংলাদেশ নিয়ে আর কোনো অজুহাতের সুযোগ নেই।’

কীভাবে বাংলাদেশ দখলে নেওয়া হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেভাবে নিতে হবে, নিয়ে নেব।’

তার এই বক্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রতিবেশী একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রকে দখলে নেওয়ার এমন বক্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

তবে একই বিষয়ে ভিন্ন অবস্থান তুলে ধরেছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তিনি মনে করেন, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা ও উত্তেজনা বাড়লে তার প্রভাব পশ্চিমবঙ্গেও পড়তে পারে।

দিলীপ ঘোষ বলেন, ‘বাংলাদেশে যত উত্তেজনা ছড়াবে, সমস্যা হবে, তার ঢেউ আমাদের এখানেও এসে পড়বে। তাছাড়া আমরা প্রতিবেশী দেশের ঘটনায় ব্যথিত হই, আমাদের অর্থনীতিতেও চাপ পড়ে। ফলে কবে বাংলাদেশে শান্তি ফিরে আসবে, আমরা সেই দিকেই তাকিয়ে রয়েছি।’

বাংলাদেশের চলমান পরিস্থিতিকে দেশটির অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বাংলাদেশে যা হচ্ছে, সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু আমরা চাইব, নেতাদের মধ্যে লড়াই না করে তারা যেন সেখানকার মানুষের ভবিষ্যতের কথা চিন্তা করেন, সেখানে নতুন বিনিয়োগের কথা ভাবেন।’

একদিকে অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলের হুমকি, অন্যদিকে দিলীপ ঘোষের শান্তি ও অর্থনৈতিক স্থিতিশীলতার প্রত্যাশা—পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের বক্তব্যে প্রতিবেশী দেশটির পরিস্থিতি নিয়ে ভিন্ন অবস্থান উঠে এসেছে।

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD