বাংলাদেশের বিরুদ্ধে নতুন শুল্কের ঘোষণা দিতে পারেন ট্রাম্প

অতিরিক্ত পণ্য উৎপাদন করে আন্তর্জাতিক বাজারে সরবরাহ বাড়ানোর অভিযোগে বাংলাদেশসহ ১৬টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এই তদন্তের ফলাফলের ভিত্তিতে দেশগুলোর ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিজ্ঞাপন
বুধবার (২৫ নভেম্বর) এ ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, কয়েকটি দেশ নিজেদের বাজারের চাহিদার তুলনায় অতিরিক্ত পণ্য উৎপাদন করে আন্তর্জাতিক বাজারে সরবরাহ করছে। এতে বিশ্ববাজারে পণ্যের আধিক্য তৈরি হচ্ছে, যা মার্কিন শিল্প ও স্থানীয় উৎপাদকদের জন্য প্রতিযোগিতামূলক চাপ সৃষ্টি করছে।
এর আগে ২০২৫ সালের এপ্রিলে বাংলাদেশসহ বিভিন্ন দেশের রপ্তানি পণ্যের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট দেশগুলো মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করে শুল্কের হার কমাতে সক্ষম হয়।
তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ওই শুল্ক বাতিল ঘোষণা করে। এরপর বিকল্প আইনি কাঠামোর আওতায় শুল্ক পুনর্বহালের উদ্যোগ নেয় ট্রাম্প প্রশাসন। এ লক্ষ্যে ‘সেকশন ৩০১’-এর অধীনে বিভিন্ন দেশের বাণিজ্যনীতি ও উৎপাদনসংক্রান্ত কার্যক্রম নিয়ে তদন্ত শুরু করেন মার্কিন কর্মকর্তারা।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর হলে আন্তর্জাতিক বাণিজ্যে আবারও উত্তেজনা তৈরি হতে পারে। এর প্রভাব পড়তে পারে বিভিন্ন দেশের রপ্তানি, আমদানি ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায়।
প্রথম দফায় শুল্ক আরোপের সময় ট্রাম্পের যুক্তি ছিল, বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির ক্ষেত্রে যে শুল্ক আরোপ করা হয়, তার তুলনায় মার্কিন পণ্যের জন্য সংশ্লিষ্ট দেশগুলোর বাজারে বেশি শুল্ক ও বাণিজ্যিক বাধা রয়েছে। এ যুক্তিতেই পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন তিনি।
রয়টার্সকে দেওয়া তথ্য অনুযায়ী, ট্রাম্প প্রশাসনের সঙ্গে যেসব দেশের বাণিজ্য ও শুল্কসংক্রান্ত চুক্তি হয়েছে, সেগুলোর শর্ত বিবেচনায় নিয়েই নতুন শুল্ক নির্ধারণ করা হতে পারে।
বাংলাদেশ চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তি’ স্বাক্ষর করে। ওই চুক্তির পর বাংলাদেশি পণ্যের ওপর মার্কিন শুল্কের হার ২০ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশ করা হয়েছিল।
যেসব দেশ ও অঞ্চলের ওপর নতুন শুল্কের সম্ভাবনা
সম্ভাব্য শুল্কের আওতায় রয়েছে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, বাংলাদেশ, কম্বোডিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন।
সূত্র: রয়টার্স ও বিবিসি।








