হরমুজ প্রণালিতে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমল তেলের দাম

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং ট্যাংকারে হামলার খবরের মধ্যেও আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। আগের দিনের দরবৃদ্ধির পর বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববাজারে ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের তেলের দাম ১ শতাংশের বেশি কমেছে।
বিজ্ঞাপন
বাজারের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৪৭ সেন্ট বা ১ দশমিক ৬ শতাংশ কমে ৮৯ ডলার ৯৩ সেন্টে নেমে এসেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৫২ সেন্ট বা ১ দশমিক ৯ শতাংশ কমেছে। এতে প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৮০ ডলার ৫৩ সেন্ট।
এদিকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। সাম্প্রতিক সময়ে কয়েকটি তেলবাহী ট্যাংকারে হামলা ও দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এসব ঘটনার জন্য ইরানি কর্তৃপক্ষ সমুদ্রের মাইনকে দায়ী করেছে।
তবে বিভিন্ন সূত্রের দাবি, কয়েকটি জাহাজ ক্ষেপণাস্ত্র কিংবা অন্য ধরনের গোলাবারুদের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলের মজুতসংক্রান্ত তথ্যে দেখা গেছে, দেশটিতে অপরিশোধিত তেলের মজুত সামান্য বেড়েছে। যুক্তরাষ্ট্রের পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (এপিআই) তথ্য অনুযায়ী, ২০ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশটির তেলের মজুত বেড়েছে ১ লাখ ২৬ হাজার ব্যারেল।
বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক উত্তেজনার পাশাপাশি তেলের মজুত ও সরবরাহ পরিস্থিতিও আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সূত্র: আল-জাজিরা








