Logo

হিমালয়ের বুক চিরে উঠল বিশাল চাঁদ, মুগ্ধ লাখো মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৫ নভেম্বর, ২০২৬, ২০:৪১
হিমালয়ের বুক চিরে উঠল বিশাল চাঁদ, মুগ্ধ লাখো মানুষ
ছবি: সংগৃহীত

পাহাড়ের সুউচ্চ চূড়ার আড়াল থেকে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে বিশাল এক চাঁদ। বরফঢাকা পর্বতমালার পেছন থেকে উজ্জ্বল চাঁদের উদয়ের অপূর্ব দৃশ্য মুহূর্তেই নজর কেড়েছে প্রকৃতিপ্রেমীদের। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়তেই মুগ্ধ হয়েছেন লাখো মানুষ।

বিজ্ঞাপন

ভারতের উত্তরাখণ্ডের মুনসিয়ারি থেকে ধারণ করা এই মনোমুগ্ধকর দৃশ্য ইতিমধ্যে ইনস্টাগ্রামে প্রায় ২০ লাখবার দেখা হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রাম ব্যবহারকারী সাগর আগরি ভিডিওটি প্রকাশ করেন। সেখানে দেখা যায়, পঞ্চচুল্লি পর্বতমালার পেছন থেকে ধীরে ধীরে উদিত হচ্ছে বিভার সুপারমুন। স্বাভাবিক পূর্ণিমার চাঁদের তুলনায় এটিকে অনেক বড় ও উজ্জ্বল দেখাচ্ছিল। স্বচ্ছ আকাশ আর সুউচ্চ পাহাড়ের পটভূমিতে চাঁদের এমন আবির্ভাব দৃশ্যটিকে আরও আকর্ষণীয় করে তোলে।

ভিডিও ধারণকারী সাগর আগরি জানান, সূর্যোদয় কিংবা সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা অনেকের থাকলেও চন্দ্রোদয়ের এমন দৃশ্য দেখার সুযোগ তুলনামূলকভাবে কম মানুষের হয়। পাহাড়ের আড়াল থেকে চাঁদটি ধীরে ধীরে দৃশ্যমান হওয়ার পুরো মুহূর্ত তিনি খালি চোখেই উপভোগ করেছেন।

ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছে দৃশ্যটি। একজন মন্তব্য করেছেন, মুঠোফোনের ক্যামেরায় এই দৃশ্যের প্রকৃত সৌন্দর্য ফুটিয়ে তোলা সম্ভব নয়। বাস্তবে চাঁদটিকে আরও বড় ও সুন্দর দেখায়। অন্য একজন জানিয়েছেন, তিনিও পঞ্চচুল্লি পর্বতের পেছন থেকে চাঁদ ওঠার দৃশ্য দেখার সুযোগ পেয়েছিলেন। তবে সেই অসাধারণ মুহূর্ত ক্যামেরায় ধরে রাখতে পারেননি।

শুধু মুনসিয়ারি নয়, হিমালয়ের বিভিন্ন এলাকায় এমন চন্দ্রোদয় দেখার অভিজ্ঞতাও সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন অনেকে। বরফঢাকা পাহাড়ের পটভূমিতে বিশাল চাঁদের এই অপরূপ দৃশ্য প্রকৃতির সৌন্দর্যপ্রেমীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: এনডিটিভি

জেবি/এসডি
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD