Logo

প্রবাসীদের জন্য নতুন আইন করল সৌদি আরব

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ জুলাই, ২০২৬, ২০:২০
প্রবাসীদের জন্য নতুন আইন করল সৌদি আরব
ছবি: সংগৃহীত

বিদেশি নাগরিকদের সম্পত্তির মালিকানা ও রিয়েল এস্টেটে বিনিয়োগের ক্ষেত্রে নতুন বিধিমালা চালু করেছে সৌদি আরব। নতুন আইনে ডিজিটাল পদ্ধতি বাধ্যতামূলক করার পাশাপাশি তথ্য গোপন বা ভুয়া তথ্য দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ১ কোটি সৌদি রিয়াল জরিমানার বিধান রাখা হয়েছে।

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আইনে বিদেশি ব্যক্তি, কোম্পানি এবং অলাভজনক সংস্থাগুলো কীভাবে সৌদিতে সম্পত্তি কিনতে বা রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে পারবে, তার বিস্তারিত নীতিমালা নির্ধারণ করা হয়েছে।

সৌদির রিয়েল এস্টেট জেনারেল অথরিটি জানিয়েছে, সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্য বাস্তবায়ন, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং রিয়েল এস্টেট খাতে আরও স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতেই এই আইন প্রণয়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

নতুন ব্যবস্থার আওতায় একটি সমন্বিত ইলেকট্রনিক পোর্টালের মাধ্যমে সম্পত্তি কেনা, বিনিয়োগের আবেদন এবং সংশ্লিষ্ট সব ধরনের লেনদেন সম্পন্ন করতে হবে। এই প্ল্যাটফর্মটি জাতীয় রিয়েল এস্টেট রেজিস্ট্রির সঙ্গে সংযুক্ত থাকবে।

নতুন বিধান অনুযায়ী, সৌদিতে বসবাস না করা বিদেশিদের সম্পত্তি কেনার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদিত ডিজিটাল পরিচয়পত্র (ডিজিটাল আইডি) নিতে হবে। পাশাপাশি নিজ নামে একটি সৌদি ব্যাংক হিসাব খুলতে হবে এবং সেই আইডির সঙ্গে যুক্ত একটি সৌদি মোবাইল নম্বর নিবন্ধন করতে হবে।

বিদেশি কোম্পানিগুলোর জন্যও নতুন কিছু শর্ত আরোপ করা হয়েছে। তাদের বিনিয়োগ মন্ত্রণালয়ে নিবন্ধন করতে হবে, প্রত্যক্ষ ও পরোক্ষ সুবিধাভোগী মালিকদের তথ্য প্রকাশ করতে হবে এবং অনুমোদিত সৌদি পরিচয়পত্রধারী একজন আইনি প্রতিনিধি নিয়োগ দিতে হবে। এছাড়া কোম্পানির নামে একটি সৌদি ব্যাংক হিসাবও থাকতে হবে।

বিজ্ঞাপন

কোম্পানির মালিকানায় একক বা একাধিক লেনদেনের মাধ্যমে ৫ শতাংশ বা তার বেশি পরিবর্তন হলে ১৫ দিনের মধ্যে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। একইভাবে কোম্পানির নিয়ন্ত্রণ বা সিদ্ধান্ত গ্রহণে বাইরের কোনো পক্ষের প্রভাব তৈরি হলেও তা নির্ধারিত সময়ের মধ্যে জানানো বাধ্যতামূলক।

অলাভজনক বিদেশি সংস্থাগুলোকেও নতুন নীতিমালার আওতায় আনা হয়েছে। এসব সংস্থাকে নির্ধারিত কর্তৃপক্ষের কাছে নিবন্ধন করতে হবে এবং নিয়ন্ত্রণকারী ব্যক্তিদের তথ্য প্রকাশের পাশাপাশি সৌদি প্রতিনিধি ও ব্যাংক হিসাব বজায় রাখতে হবে।

বিজ্ঞাপন

বিদেশি পরিবারের ক্ষেত্রেও নতুন নিয়ম যুক্ত হয়েছে। সম্পত্তি কেনার সময় বিদেশি ক্রেতার স্ত্রী ও সন্তানদের একই পরিবারের নির্ভরশীল সদস্য হিসেবে গণ্য করা হবে। ফলে পরিবারের প্রতিটি সদস্য আলাদাভাবে আরেকটি আবাসনের মালিক হতে পারবেন না। তবে বিবাহবিচ্ছেদ বা সন্তানদের বয়স ২৫ বছর পূর্ণ হলে এই বিধানের ব্যতিক্রম প্রযোজ্য হতে পারে।

এ ছাড়া মক্কা ও মদিনায় সম্পত্তির মালিকানার ক্ষেত্রে আগের বিধান বহাল রাখা হয়েছে। সেখানে কেবল মুসলিম নাগরিকরা সম্পত্তির মালিক হতে পারবেন এবং কোম্পানি বা বিনিয়োগ প্রতিষ্ঠানের জন্য বিশেষ নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর থাকবে।

রিয়াদ, জেদ্দা, মক্কা ও মদিনায় বিদেশিদের সম্পত্তি লেনদেনে ২ শতাংশ ফি নির্ধারণ করা হয়েছে। তবে উত্তরাধিকার, আদালতের চূড়ান্ত রায়, সরকারি অধিগ্রহণ, ওয়াকফ, সরকারি প্রতিষ্ঠানে অনুদান, কূটনৈতিক সংস্থা এবং নির্দিষ্ট আরও কয়েক ধরনের লেনদেন এই ফি থেকে অব্যাহতি পাবে।

বিজ্ঞাপন

নতুন আইনে বলা হয়েছে, সম্পত্তি কেনাবেচার সব অর্থ লেনদেন সৌদি সেন্ট্রাল ব্যাংকের অনুমোদিত ইলেকট্রনিক পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন করতে হবে। এছাড়া নিবন্ধিত মোবাইল নম্বর বা ইলেকট্রনিক পোর্টালে পাঠানো আইনি নোটিশ বৈধ হিসেবে গণ্য হবে।

বিধিমালা বাস্তবায়নে নিয়োজিত পরিদর্শকরা নিয়ম লঙ্ঘনের তদন্ত ও নথিবদ্ধ করার ক্ষমতা পাবেন। তবে শাস্তি দেওয়ার আগে লঙ্ঘনের ধরন অনুযায়ী সংশোধনের জন্য ১০ থেকে ১৮০ দিন পর্যন্ত সময় দেওয়া হবে।

বিজ্ঞাপন

আইনে আরও বলা হয়েছে, সম্পত্তির মালিকানা অর্জনের জন্য কেউ ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য দিলে সম্পত্তির মূল্যের সর্বোচ্চ ৫ শতাংশ পর্যন্ত জরিমানা করা হতে পারে। এ জরিমানার পরিমাণ সর্বোচ্চ ১ কোটি সৌদি রিয়াল পর্যন্ত হতে পারে।

সূত্র: গালফ নিউজ

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD