Logo

খামেনির প্রথম জানাজা আজ, লাখো মানুষের ঢলে উপচে পড়েছে চত্বর

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৫ জুলাই, ২০২৬, ১০:৩১
খামেনির প্রথম জানাজা আজ, লাখো মানুষের ঢলে উপচে পড়েছে চত্বর
ছবি: সংগৃহীত

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং তাঁর পরিবারের চার সদস্যের প্রথম জানাজা আজ অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সময় সকাল ৮টায় তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় এ জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, এতে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজের তথ্য অনুযায়ী, শনিবার থেকেই গ্র্যান্ড মোসাল্লায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির মরদেহ রাখা হয়েছে। জানাজার আগে থেকেই সেখানে মানুষের ঢল নামে এবং মূল প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

বিজ্ঞাপন

জানাজা শেষে সোমবার রাজধানী তেহরানে এবং মঙ্গলবার পবিত্র শহর কোমে শোক শোভাযাত্রা অনুষ্ঠিত হওয়ার কর্মসূচি রয়েছে। এরপর আরও ধর্মীয় ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা পালনের জন্য মরদেহ ইরাকের নজফ ও কারবালায় নেওয়া হবে। সব আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার ইরানের মাশহাদ শহরে তাঁর দাফন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

আয়াতুল্লাহ আলি খামেনি ১৯৩৯ সালে ইরানের উত্তর-পূর্বাঞ্চলের পবিত্র শিয়া নগরী মাশহাদে জন্মগ্রহণ করেন। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের আগে রাজতন্ত্রবিরোধী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হিসেবে তিনি পরিচিতি লাভ করেন এবং বিপ্লব-পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক ও সামরিক কাঠামো গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ইরাক-ইরান যুদ্ধ চলাকালে ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত তিনি ইরানের প্রেসিডেন্ট ছিলেন। এরপর ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ১৯৮৯ সালে তিনি দেশের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং দীর্ঘ সময় ধরে সেই পদে অধিষ্ঠিত ছিলেন।

বিজ্ঞাপন

তাঁর নেতৃত্বে ইরানের সামরিক ও আধাসামরিক সক্ষমতা আরও জোরদার হয়। পাশাপাশি বহিরাগত হুমকি মোকাবিলায় দেশের প্রতিরক্ষা নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়। তবে তাঁর শাসনামলের শেষদিকে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তা পরিস্থিতি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

খামেনির মৃত্যুর পর তাঁর ছেলে মোজতবা খামেনি সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। যদিও দায়িত্ব নেওয়ার পর তিনি এখনো জনসম্মুখে উপস্থিত হননি, তবুও তাঁর নেতৃত্বের শুরুতেই ইরানে এমন বৃহৎ রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের আয়োজন আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে।

বিজ্ঞাপন

সূত্র: আল জাজিরা

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD