Logo

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ জুলাই, ২০২৬, ১৫:৫৯
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে কার্যকর থাকা যুদ্ধবিরতি আর বহাল নেই বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ইরানের ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকারকে কড়া ভাষায় সমালোচনা করেছেন।

বিজ্ঞাপন

বর্তমানে তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলনে অংশ নিচ্ছেন ট্রাম্প। বুধবার (৮ জুলাই) সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে। তার দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার মাধ্যমে ইরান ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তি লঙ্ঘন করেছে। তিনি আরও বলেন, ইরানের বর্তমান নেতৃত্বের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যাওয়া সময়ের অপচয় ছাড়া কিছু নয়।

গত ১৮ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ১৪ দফার ইসলামাবাদ সমঝোতা স্মারকে হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা না দেওয়ার অঙ্গীকার করে তেহরান। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা এবং দেশটির বন্দর অবরোধ প্রত্যাহারের প্রতিশ্রুতি দেয়। চুক্তিটি ৬০ দিনের জন্য কার্যকর থাকার কথা ছিল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে যুক্তরাষ্ট্রের অভিযোগ, গত ৫ জুলাই হরমুজ প্রণালিতে তিনটি বিদেশি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। হামলার শিকার জাহাজগুলোর মধ্যে ছিল মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী ‘এমটি আল আল-রেকাইয়াত’, সৌদি আরবের ‘এমটি ওয়াদিয়ান’ এবং লাইবেরিয়ার ‘এমটি সাইপ্রাস প্রসপারিটি’।

এর জবাবে মঙ্গলবার ইরানের ৮০টি সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলা চালায় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সংস্থাটি জানায়, অভিযানে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্ক, উপকূলীয় রাডার এবং জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

অন্যদিকে, ইরান দাবি করেছে, সেন্টকমের ওই হামলার পাল্টা জবাব হিসেবে কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ৮৫টি স্থাপনায় তারা হামলা চালিয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: ব্লুমবার্গ

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD