Logo

মাঝ আকাশে আত্মহত্যা করলেন আর্জেন্টিনার পাইলট, অতঃপর...

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ জুলাই, ২০২৬, ১৮:৪১
মাঝ আকাশে আত্মহত্যা করলেন আর্জেন্টিনার পাইলট, অতঃপর...
ছবি: সংগৃহীত

চলন্ত প্রশিক্ষণ বিমানের মাঝ আকাশে দরজা খুলে লাফিয়ে আত্মহত্যা করেছেন আর্জেন্টিনার এক অভিজ্ঞ ফ্লাইট প্রশিক্ষক। হঠাৎ ঘটে যাওয়া এ ঘটনায় ককপিটে থাকা ২২ বছর বয়সী শিক্ষানবিশ মুহূর্তের জন্য হতবাক হয়ে পড়লেও শেষ পর্যন্ত অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়ে একাই বিমানটি নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ জুলাই) আর্জেন্টিনার পাবলিক প্রসিকিউটরের কার্যালয় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। এর আগে গত শনিবার মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।

নিহত পাইলটের নাম লিয়ান্দ্রো আন্দ্রেস বেরতাজ্জো (৪২)। তিনি দীর্ঘদিন ধরে একজন দক্ষ ও অভিজ্ঞ ফ্লাইট প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বেরতাজ্জো ‘সেসনা ১৫০’ মডেলের একটি প্রশিক্ষণ বিমানে রোজারিও নামে ২২ বছর বয়সি এক ছাত্রকে নিয়ে আকাশে উড়ছিলেন। জবানবন্দিতে শিক্ষার্থী রোজারিও জানান, মাঝ আকাশে থাকা অবস্থায় বেরতাজ্জো আকস্মিক নিজের মাথার হেডসেট এবং সিটবেল্ট খুলে ফেলেন। এরপর বিমানের দরজা খোলার আগে তিনি ছাত্রকে ‘তুমি জানো তোমাকে কী করতে হবে, চালিয়ে যাও’ বলেই চলন্ত বিমান থেকে নিচে ঝাঁপিয়ে পড়েন। পরে তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বেরতাজ্জো যে ‘ফ্লাইং প্যারট কর্ডোবা’ ফ্লাইং স্কুলে কর্মরত ছিলেন, তার পরিচালক এদুয়ার্দো আলভারেজ সংবাদমাধ্যমকে বলেন, বেরতাজ্জো অত্যন্ত চমৎকার হাসিখুশি একজন মানুষ ছিলেন। সেদিন সকালেই তিনি আরেক ছাত্রকে নিয়ে সফলভাবে ফ্লাইট পরিচালনা করেছিলেন। তিনি যে এমন কিছু করতে পারেন, তার কোনো আভাসই ছিল না।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আলভারেজ আরও বলেন, ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে ছুটে চলা কোনো গাড়ির দরজা খোলার চেষ্টা করার মতোই কঠিন ছিল কাজটি। পাশে শিক্ষার্থী থাকা অবস্থায় কীভাবে তিনি এই মর্মান্তিক সিদ্ধান্তটি নিলেন, তা ব্যাখ্যা করা অসম্ভব।

বিজ্ঞাপন

এদিকে প্রশিক্ষকের এমন আকস্মিক আত্মহননের ঘটনায় শিক্ষার্থী রোজারিও প্রথমে আতঙ্কিত হয়ে পড়েন। তবে দ্রুত নিজেকে সামলে নিয়ে অসাধারণ ধৈর্য, সাহস ও বিচক্ষণতার পরিচয় দেন তিনি। কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই একাই বিমানটি নিরাপদে অবতরণ করিয়ে সম্ভাব্য বড় দুর্ঘটনা এড়াতে সক্ষম হন।

জানা গেছে, লিয়ান্দ্রো আন্দ্রেস বেরতাজ্জো শুধু আর্জেন্টিনাতেই নয়, প্রতিবেশী দেশ চিলিতেও দীর্ঘদিন ফ্লাইট প্রশিক্ষক হিসেবে সুনামের সঙ্গে কাজ করেছেন। তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও বিমান চলাচল সংশ্লিষ্টদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD