একপাক্ষিক চুক্তির যুগ শেষ, ট্রাম্পকে গালিবাফের কঠোর বার্তা

ইরানের সঙ্গে হওয়া সমঝোতা স্মারক কার্যত আর কার্যকর নেই বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, একপাক্ষিক চুক্তির যুগ শেষ হয়ে গেছে। রবিবার (১২ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ লিখেছেন, ‘একপাক্ষিক চুক্তির দিন শেষ। আমরা আগেই বলেছিলাম, প্রতিশ্রুতি রক্ষা করুন, অন্যথায় এর মূল্য দিতে হবে। এখন বাস্তবতা আপনাদের সামনে উপস্থিত।’
পোস্টের সঙ্গে তিনি সমঝোতা স্মারকের ৫ নম্বর অনুচ্ছেদের একটি অংশও যুক্ত করেন। ওই অনুচ্ছেদে হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়ে উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে, প্রণালি খুলে দিতে ইসলামিক প্রজাতন্ত্র ইরান প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পোস্টে এই অংশটি বিশেষভাবে তুলে ধরা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তৃতীয় দফায় পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। চলমান এই সংঘাতের কারণে উপসাগরীয় অঞ্চলে অস্থিরতা আরও বেড়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে ইরানের কার্যকর অবরোধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়েছে এবং বিশ্বজুড়ে মূল্যস্ফীতির চাপও বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রের আগাম নির্বাচনের আগে এ পরিস্থিতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্যও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে।
ইরানের দাবি, কয়েকটি জাহাজ অনুমোদিত নৌপথের বাইরে দিয়ে চলাচলের চেষ্টা করেছিল। তাদের গতিপথ পরিবর্তনের নির্দেশ দেওয়া হলেও সংশ্লিষ্ট জাহাজগুলো তা উপেক্ষা করে।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ রাখার অবস্থান বহাল থাকবে।
বিজ্ঞাপন
অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, আইআরজিসির ওই ঘোষণার প্রায় এক ঘণ্টা পর শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তারা সামরিক অভিযান শুরু করে। এর আগে ইরান সতর্ক করেছিল, কন্টেইনার জাহাজে হামলার জেরে যুক্তরাষ্ট্র কোনো সামরিক পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্যে ‘শত্রুপক্ষের নতুন ঘাঁটি’ লক্ষ্যবস্তু করা হবে।
সেন্টকমের দাবি, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই এই হামলা পরিচালিত হয়েছে। তবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
সূত্র: আল জাজিরা








