Logo

ইরানের জন্য ৪৮টি সু-৩৫ যুদ্ধবিমান তৈরি করছে রাশিয়া

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ জুলাই, ২০২৬, ২০:৪২
ইরানের জন্য ৪৮টি সু-৩৫ যুদ্ধবিমান তৈরি করছে রাশিয়া
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেও ইরানের কাছে সু-৩৫ (Su-35) যুদ্ধবিমান সরবরাহের প্রতিশ্রুতি রক্ষা করতে উৎপাদন কার্যক্রম জোরদার করেছে রাশিয়া। এ লক্ষ্যে দেশটি নিজেদের বিমানবাহিনীর জন্য নির্ধারিত কিছু সু-৩৫ উৎপাদন কমিয়ে ইরানের রপ্তানি অর্ডার সময়মতো সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, ২০২৬ ও ২০২৭ সালে রাশিয়ার অ্যারোস্পেস ফোর্সের জন্য সু-৩৫ উৎপাদন সীমিত রাখা হতে পারে।

বিজ্ঞাপন

প্রতিরক্ষাবিষয়ক সাময়িকী মিলিটারি ওয়াচ ম্যাগাজিন-এর প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার কমসোমলস্ক-অন-আমুর এভিয়েশন প্ল্যান্ট ইতোমধ্যে ইরানের জন্য ২০টি সু-৩৫ যুদ্ধবিমান তৈরি সম্পন্ন করেছে। আরও ২৮টি যুদ্ধবিমান সরবরাহের কাজ বাকি রয়েছে। সব মিলিয়ে ইরানের বহরে ৪৮টি সু-৩৫ যুক্ত হওয়ার কথা।

এই অর্ডার নির্ধারিত সময়ে সম্পন্ন করতে কারখানায় অতিরিক্ত শিফট চালু করা হয়েছে। পাশাপাশি নতুন উৎপাদন সরঞ্জাম স্থাপন এবং জনবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। রুশ কর্মকর্তাদের দাবি, পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটি অভ্যন্তরীণ চাহিদা এবং রপ্তানি—দুই ক্ষেত্রেই উৎপাদন সক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে সু-৩৫ যুদ্ধবিমানের সবচেয়ে বড় বিদেশি ক্রেতা ছিল চীন। ২০১৫ সালের চুক্তির আওতায় দেশটি ২৪টি যুদ্ধবিমান সংগ্রহ করে। এছাড়া ২০২৫ সালে আলজেরিয়া প্রায় ১৮টি এবং ইথিওপিয়া ছয়টি সু-৩৫ সংগ্রহ করেছে বলে জানা যায়। তবে সেসব বিমান নতুন করে তৈরি করা হয়নি; মিশরের বাতিল হওয়া একটি অর্ডারের জন্য আগে তৈরি করা বিমান সংস্কার করে সরবরাহ করা হয়েছিল। ফলে বর্তমানে নতুন উৎপাদন লাইনের সবচেয়ে বড় চাপ এসেছে ইরানের অর্ডার থেকে।

বিশ্লেষকদের মতে, নিজেদের বিমানবাহিনীর জন্য সু-৩৫ সরবরাহ কিছুটা কমলেও রাশিয়ার সামরিক সক্ষমতায় উল্লেখযোগ্য প্রভাব পড়বে না। কারণ একই সময়ে দেশটি সু-৩০এসএম২ (Su-30SM2), সু-৩৪ (Su-34) এবং পঞ্চম প্রজন্মের সু-৫৭ (Su-57) যুদ্ধবিমান উৎপাদন অব্যাহত রেখেছে।

এদিকে রুশ সূত্রের বরাতে জানা গেছে, ইরান আরও ১২টি সু-৩০এসএম২ যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি ভবিষ্যতে সু-৫৭ স্টেলথ যুদ্ধবিমান কেনার বিষয়েও দুই দেশের মধ্যে আলোচনা চলছে। তবে বর্তমান উৎপাদন ব্যস্ততার কারণে এসব বিমান সরবরাহ ২০৩০ সালের দিকে শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ইরানের বিমানবাহিনীতে এখনও ৩০০টিরও বেশি পুরোনো যুদ্ধবিমান রয়েছে। ফলে ভবিষ্যতে দেশটি সু-৩৫-এর আরও বড় অর্ডার দিতে পারে, যা রাশিয়ার যুদ্ধবিমান উৎপাদন ও রপ্তানি পরিকল্পনায় দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD