Logo

ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৪ আগস্ট, ২০২৬, ১৬:৫১
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ছবি: সংগৃহীত

ভারতের বর্তমান রাজনৈতিক ব্যবস্থা ও নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়ায় বড় ধরনের সংস্কারের আহ্বান জানিয়েছেন পরিবেশ ও সামাজিক অধিকারকর্মী সোনম ওয়াংচুক। দেশকে সঠিক পথে এগিয়ে নিতে তিনি ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন’ গড়ে তোলার ডাক দিয়েছেন।

বিজ্ঞাপন

স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশিত এক ভিডিও বার্তায় লাদাখের এই অধিকারকর্মী বলেন, ভারতের অন্যতম বড় সমস্যা হলো নেতৃত্ব নির্বাচনের ভুল পদ্ধতি। যোগ্য নেতৃত্ব নির্বাচিত না হলে পুরো দেশই ভুল পথে পরিচালিত হওয়ার ঝুঁকিতে থাকে।

দেশের ভবিষ্যৎ নির্মাণে সাধারণ মানুষকে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে ওয়াংচুক ‘নিঃস্বার্থ, নির্ভীক, চরিত্রবান ও যোগ্য’ ব্যক্তিদের চিহ্নিত করার কথা বলেন। নিজ নিজ এলাকার সৎ ও মেধাবী ব্যক্তিদের নাম প্রস্তাব করে স্বাধীনতা দিবসের উপহার হিসেবে তা পাঠানোর আহ্বানও জানান তিনি।

ভারতের উন্নয়নের প্রসঙ্গে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তুলনা টেনে ওয়াংচুক বলেন, পাঁচ দশক আগে যেসব দেশ ভারতের তুলনায় পিছিয়ে ছিল কিংবা কাছাকাছি অবস্থানে ছিল, তাদের অনেকেই এখন উল্লেখযোগ্যভাবে এগিয়ে গেছে। বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তন না এলে ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশে পরিণত করা কঠিন হবে বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

আইনপ্রণেতাদের যোগ্যতা ও চরিত্র নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ওয়াংচুক। তার দাবি, ভারতের বর্তমান পার্লামেন্টের প্রায় অর্ধেক সদস্যের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে প্রায় এক-তৃতীয়াংশের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও অপহরণের মতো গুরুতর অভিযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে এককভাবে দায়ী না করে ওয়াংচুক বলেন, ক্ষমতায় থাকা বিভিন্ন দলই কমবেশি দুর্নীতি করেছে এবং ভিন্নমতকে দমনের চেষ্টা করেছে। তার ভাষ্য অনুযায়ী, ২০১২-১৩ সালের দুর্নীতিবিরোধী আন্দোলনের পর সরকার পরিবর্তন হলেও এক দশকের মধ্যে দুর্নীতি আরও বেড়েছে। পাশাপাশি শিক্ষাব্যবস্থার দুর্বলতাকেও ভারতের অগ্রগতির অন্যতম বাধা হিসেবে দেখছেন তিনি।

এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ খুঁজতে ভারতের শীর্ষস্থানীয় চিন্তাবিদ, মেধাবী ও সৎ ব্যক্তিদের নিয়ে বড় পরিসরে আলোচনা করার পরিকল্পনার কথাও জানিয়েছেন ওয়াংচুক। দেশের বিভিন্ন শহর ঘুরে সাধারণ মানুষের মতামত নেওয়া এবং সেসব মতামতের ভিত্তিতে নতুন একটি রূপরেখা তৈরিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD