নেপালের সম্মানসূচক ‘জেনারেল’ হলেন ভারতের সেনাপ্রধান

ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ সেঠকে নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক ‘জেনারেল’ পদমর্যাদা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল। সোমবার কাঠমান্ডুর শীতল নিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই বিশেষ সম্মাননা দেওয়া হয়।
বিজ্ঞাপন
নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে বর্তমানে নেপালে অবস্থান করছেন জেনারেল সেঠ। সফরের শুরুতেই তাকে সম্মানসূচক এই পদমর্যাদা দেওয়া হয়।
ভারত ও নেপালের মধ্যে দীর্ঘদিনের সামরিক ঐতিহ্যের অংশ হিসেবে এই সম্মাননা দেওয়া হয়ে থাকে। ১৯৫০ সাল থেকে দুই দেশের সেনাপ্রধানকে পরস্পরের পক্ষ থেকে সম্মানসূচক ‘জেনারেল’ পদমর্যাদায় ভূষিত করার রীতি চলে আসছে।
নেপাল সফরে জেনারেল সেঠ দেশটির সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের সঙ্গে বৈঠক করেন। সেখানে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং সামরিক সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেলের সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, সম্মাননা প্রদান অনুষ্ঠানে নেপালের ভাইস প্রেসিডেন্ট রাম সহায় প্রসাদ যাদব, পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল, নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবসহ নেপাল সেনাবাহিনী ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেনারেল সেঠ রোববার নেপালে পৌঁছান।
সফরকালে ভারতীয় সেনাপ্রধান ভারতের সঙ্গে নেপালের সামগ্রিক সম্পর্ক আরও জোরদারের বিষয়েও আলোচনা করেন। তিনি নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবের সঙ্গে বৈঠক করে দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।
বিজ্ঞাপন
এ ছাড়া একই দিনে নেপাল সেনাবাহিনীর কাছে সামরিক ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন জেনারেল সেঠ। সেনাসদর দপ্তর প্রাঙ্গণে তিনি একটি চারা রোপণ করেন এবং তাকে দেওয়া গার্ড অব অনার পরিদর্শন করেন।
নেপাল সেনাবাহিনী জানিয়েছে, ভারতীয় সেনাপ্রধানের এই সফরের মাধ্যমে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
সম্মানসূচক পদমর্যাদা প্রদান, সামরিক বৈঠক, কূটনৈতিক যোগাযোগ এবং সামরিক সরঞ্জাম হস্তান্তরের মধ্য দিয়ে জেনারেল সেঠের নেপাল সফরে দুই দেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতার গুরুত্বই উঠে এসেছে।
বিজ্ঞাপন
সূত্র: ইন্ডিয়া টুডে








