ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত করল আমিরাত

আঞ্চলিক উত্তেজনা ও সাম্প্রতিক হামলার জেরে ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও অর্থনৈতিক লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। মঙ্গলবার (১৮ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞাপন
বিবৃতিতে বলা হয়েছে, আঞ্চলিক পরিস্থিতির অবনতির কারণে ইরানের সঙ্গে বাণিজ্য, বাণিজ্যিক বিনিময় এবং অর্থনৈতিক লেনদেন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে আবুধাবি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) উপসাগরীয় অঞ্চলের সৌদি আরব, কুয়েত, কাতার ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এসব হামলায় বিভিন্ন দেশের তেল স্থাপনা, বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ রয়েছে।
গত ছয় মাসে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি অ্যাডনকসহ বিভিন্ন স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ গত ১৩ আগস্ট হরমুজ এলাকায় অ্যাডনকের দুটি ট্যাংকার ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
আমিরাতের কর্মকর্তারা জানিয়েছেন, ওই হামলার পর থেকেই ইরানের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থগিতের বিষয়টি বিবেচনা করছিল আবুধাবি। এর মধ্যে মঙ্গলবার পারস্য উপসাগরের আন্তর্জাতিক বাণিজ্যিক রুটে চলাচলকারী আমিরাতের দুটি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে ক্ষেপণাস্ত্রের পাল্লার বাইরে থাকায় জাহাজ দুটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
মঙ্গলবারের এই ঘটনার পরই ইরানের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক লেনদেন স্থগিতের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় বলে জানিয়েছে আমিরাত।
বিজ্ঞাপন
তবে আবুধাবির অভিযোগ প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই দাবি করেছেন, ইরান কখনো সংযুক্ত আরব আমিরাতকে শত্রু হিসেবে বিবেচনা করে হামলা চালায়নি। আমিরাতের অভিযোগ নাকচ করে তিনি বাণিজ্যিক সম্পর্ক স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।
ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক আস্থা ও নিরাপত্তা পরিস্থিতিকে আরও ঝুঁকির মধ্যে ফেলতে পারে।
সূত্র: এএফপি ও এনডিটিভি








