সেন্ট্রাল আফ্রিকায় স্বর্ণ খনি ধসে ৩০ শ্রমিক নিহত

আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে একটি স্বর্ণ খনিতে ভয়াবহ ধসের ঘটনায় অন্তত ৩০ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন শ্রমিক খনির ভেতরে আটকা পড়েছেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার স্থানীয় সময় সকালে নানা-মাম্বেরে জেলার আব্বা এলাকায় অবস্থিত খনিটিতে এ দুর্ঘটনা ঘটে। ধসের পর জীবিত অবস্থায় বেরিয়ে আসা শ্রমিকদের একজন ফ্লোরিয়ান গাগুয়েন্ডে। তিনি জানান, ধসের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে ভেতরে আটকা পড়া অধিকাংশ শ্রমিককে জীবিত উদ্ধার করা কঠিন হতে পারে। তবে এখনো কতজন শ্রমিক নিখোঁজ বা আটকা রয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
নানা-মাম্বেরে জেলার ডেপুটি মেয়র সোলেইমানে বি জানান, দিনভর উদ্ধার অভিযানে খনি থেকে অন্তত ৩০ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি কয়েকজনকে আহত অবস্থায় জীবিত উদ্ধার করা হয়। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি জানান, দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে সহযোগিতা করেছেন।
ঘটনাস্থলের ভিডিও ফুটেজে উদ্ধারকাজের বিশৃঙ্খল পরিস্থিতি দেখা গেছে। একটি ভিডিওতে কাদায় মাখামাখি কয়েকজন শ্রমিককে খনি থেকে একটি মরদেহ বের করে আনতে দেখা যায়। নিহত ও আহতদের অধিকাংশই তরুণ বলে জানা গেছে।
সরকারি মুখপাত্র এভারিস্ট এনগামানা দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দিতে কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ছোট আকারের স্বর্ণখনিতে ধস নতুন কোনো ঘটনা নয়। দেশটিতে শত শত ক্ষুদ্র স্বর্ণখনি রয়েছে, যেখানে বিপুলসংখ্যক মানুষ কাজ করেন। এসব খনিতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় প্রায়ই ধস ও প্রাণহানির মতো দুর্ঘটনা ঘটে।
সূত্র: এএফপি, এনডিটিভি








