Logo

কলকাতার হোটেলে আগুন: লিজধারী আবু জাফর গ্রেপ্তার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২০ আগস্ট, ২০২৬, ১৩:৪০
কলকাতার হোটেলে আগুন: লিজধারী আবু জাফর গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আবু জাফর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ‘শিখা ইন’ নামের ওই হোটেলটি তার নামে লিজ নেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, বুধবার রাতেই আবু জাফরকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। উত্তর কলকাতার জোড়াসাঁকো এলাকার বাসিন্দা আবু জাফরকে রাতে এন্টালি মার্কেট এলাকা থেকে গোয়েন্দা পুলিশ আটক করে।

এ ঘটনায় আরও দুজনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তবে তাদের মধ্যে পাশের একটি হোটেলের একজন কর্মী রয়েছেন বলে তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ওই হোটেলটির মালিকও ‘শিখা ইন’-এর মালিকের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডের পর মির্জা গালিব স্ট্রিটের নয়টি হোটেল ও চারটি রেস্তোরাঁকে অগ্নিনিরাপত্তা বিধি না মানার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দমকল বিভাগ। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

মির্জা গালিব স্ট্রিটের পাঁচতলা একটি ভবনে একাধিক হোটেল ও অতিথিনিবাস পরিচালিত হচ্ছিল। ভবনটির বিভিন্ন অংশে ছোট ছোট কক্ষে হোটেল পরিচালনার অভিযোগ রয়েছে। এর তৃতীয় তলায় প্রায় ১১০০ বর্গফুট জায়গাজুড়ে ‘শিখা ইন’ পরিচালিত হতো। সেখানে অগ্নিনিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ সামনে এসেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মঙ্গলবার রাত ২টার দিকে ওই হোটেলে আগুন লাগে। ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে অন্তত পাঁচজন বাংলাদেশি বলে জানা গেছে।

বিজ্ঞাপন

ঘটনার পর কলকাতা পুলিশের পক্ষ থেকে বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করা হয়। তদন্তের অংশ হিসেবে হোটেলটির লিজধারী আবু জাফরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

তদন্তে উঠে এসেছে, ভবনটিতে পরিচালিত একাধিক হোটেল অগ্নিনিরাপত্তা বিধি মেনে চলছিল কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। একই সঙ্গে আবাসিক ভবনকে অনুমোদন ছাড়া বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসনের নজরদারি ও অনুমোদন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ভবনটিতে হোটেল পরিচালনার বৈধতা—সবকিছুই তদন্তের আওতায় রয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: আনন্দবাজার

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD