৬ বছর পর রোগীর বেশে চেম্বারে হাজির চিকিৎসক স্ত্রীর প্রবাসী স্বামী

প্রতিদিনের মতো চেম্বারে রোগী দেখছিলেন এক নারী চিকিৎসক। হঠাৎ মাস্ক পরা এক নতুন রোগী তার কক্ষে প্রবেশ করে কিছু কাগজপত্র তার হাতে তুলে দেন। প্রথমে ওই রোগীকে দেখে কিছুই বুঝতে পারেননি চিকিৎসক। পরে কাগজপত্রের সঙ্গে থাকা পাসপোর্ট, বিমানের টিকিট ও বোর্ডিং পাস দেখে চমকে ওঠেন তিনি। কারণ বোর্ডিং পাসে থাকা নামটি ছিল তার প্রবাসী স্বামীর।
বিজ্ঞাপন
এরপর ওই যুবক মুখের মাস্ক খুলে দিলে ছয় বছর পর স্বামীকে নিজের সামনে দেখতে পান নারী চিকিৎসক। স্বামীকে দেখে আনন্দে চেয়ার ছেড়ে উঠে তাকে জড়িয়ে ধরেন তিনি। দীর্ঘদিন পর দুজনের দেখা হওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়েন দুজনই। একপর্যায়ে তারা একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। তাদের এই আবেগঘন পুনর্মিলনের দৃশ্য এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ঘটনাটি ভারতের রাজস্থানের বলে দাবি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ৩০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, রোগীর ছদ্মবেশে চেম্বারে প্রবেশ করে স্ত্রীকে চমকে দেন প্রবাসী স্বামী।
কলকাতার আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী চিকিৎসক চেম্বারে বসে রোগী দেখছিলেন। এ সময় মাস্ক পরা যুবক তার সামনে এসে চিকিৎসার কাগজপত্রের পরিবর্তে পাসপোর্ট, বিমানের টিকিট ও বোর্ডিং পাস দেখান।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রথমে বিষয়টি বুঝতে না পেরে চিকিৎসক কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েন। পরে বোর্ডিং পাসে স্বামীর নাম দেখতে পান তিনি। তখন যুবক মুখের মাস্ক খুলে দেন। স্বামীকে সামনে দেখেই আনন্দে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরেন চিকিৎসক।
ভিডিওতে ওই যুবক ও নারীকে স্বামী-স্ত্রী হিসেবে দাবি করা হয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
জানা গেছে, ভিডিওটি ‘রাহুল_বাবু_১এম_’ নামের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের হিসাব থেকে প্রকাশ করা হয়। এরই মধ্যে ভিডিওটি লাখ লাখবার দেখা হয়েছে। আবেগঘন এই পুনর্মিলনের দৃশ্য দেখে অনেকে মন্তব্যও করেছেন।
বিজ্ঞাপন
একজন লিখেছেন, এত বছর পর স্বামীর সঙ্গে দেখা হওয়ার আনন্দ সবাই অনুভব করতে পারেন না। আরেকজন জানান, ভিডিওটি দেখে তার চোখে পানি চলে এসেছে। অন্য একজন এই ঘটনাকে অসাধারণ ও হৃদয়ছোঁয়া মুহূর্ত হিসেবে মন্তব্য করেছেন।
প্রবাসজীবনের দীর্ঘ বিচ্ছেদ, অপেক্ষা ও নানা কষ্টের পর ছয় বছর পেরিয়ে স্ত্রীকে এমনভাবে চমকে দিয়ে স্বামীর ফিরে আসার দৃশ্যই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের আবেগের কেন্দ্র হয়ে উঠেছে। রোগীর বেশে চেম্বারে প্রবেশ থেকে শুরু করে মাস্ক খুলে পরিচয় প্রকাশ এবং এরপর স্বামী-স্ত্রীর আবেগঘন পুনর্মিলন—পুরো ঘটনাই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।








