যুদ্ধের মধ্যেই গ্যাসের বিশাল ভান্ডারের সন্ধান পেল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই বিশাল একটি গ্যাসের খনির সন্ধান পেয়েছে ইরান। নতুন আবিষ্কৃত ওই খনিতে ৭ দশমিক ৫ ট্রিলিয়ন ঘনফুট বা ২১২ দশমিক ৪ বিলিয়ন ঘনমিটার গ্যাসের মজুত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ফার্সে এই গ্যাসের খনির সন্ধান পাওয়া গেছে বলে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন দেশটির পেট্রোলিয়ামমন্ত্রী মোহসেন পাকনেজাদ।
এক সাক্ষাৎকারে তিনি জানান, নতুন আবিষ্কৃত খনিটিতে যে গ্যাস পাওয়া গেছে, তাতে হাইড্রোজেন সালফাইডসহ অন্যান্য অপ্রয়োজনীয় উপাদানের পরিমাণ তুলনামূলকভাবে কম। এ কারণে খনিটি থেকে গ্যাস উত্তোলন করা অপেক্ষাকৃত সহজ এবং ব্যয়ও কম হবে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
উল্লেখ্য, জ্বালানি তেলের পাশাপাশি ইরান প্রাকৃতিক গ্যাসেও বেশ সমৃদ্ধ। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর আগ পর্যন্ত দেশটির গ্যাস খনিগুলো থেকে প্রতিদিন ৬৫০ বিলিয়ন কিউবিক মিটার গ্যাস উত্তোলন করা হতো।
রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের মোহসিন পাকনেজাদ জানিয়েছেন, নতুন আবিষ্কৃত খনিটি থেকে সম্ভবত সম্পূর্ণ গ্যাস তোলা সম্ভব হবে না। ২১২ দশমিক ৪ বিলিয়ন কিউবিক মিটার গ্যাসের মধ্যে উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ ১৬০ বিলিয়ন কিউবিক মিটারেরও বেশি।
এমন এক সময়ে ইরানে এই গ্যাসের খনি আবিষ্কৃত হলো, যখন মার্কিন বাহিনীর মুহুর্মুহু আক্রমণে দেশটির তেল ও গ্যাস শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলো ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির শিকার হওয়ায় উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে গ্যাসের দৈনিক উত্তোলন।
বিজ্ঞাপন
ইরানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, গত জুলাই মাসে দেশটিতে প্রতিদিন গড়ে মাত্র ২৩০ মিলিয়ন ঘনমিটার গ্যাস উত্তোলন করা হয়েছে।
সূত্র : ব্লুমবার্গ, এনডিটিভি








