৭ বছর পর ভারত সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

ব্রিকস সম্মেলনে অংশ নিতে সাত বছর পর ভারত সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিত হবে এবারের ব্রিকস সম্মেলন।
বিজ্ঞাপন
সম্মেলনকে সামনে রেখে চীনা কর্মকর্তারা সফরের প্রস্তুতি শুরু করেছেন। ব্রিকস সম্মেলন আয়োজক কমিটির সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, সফরকে কেন্দ্র করে হোটেল চূড়ান্ত করা এবং নিরাপত্তা প্রটোকলসহ বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ চলছে।
এর আগে ২০১৯ সালে সর্বশেষ নয়াদিল্লি সফর করেছিলেন শি জিনপিং। সেবারও ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছিলেন তিনি। ওই সফরে তার সঙ্গে প্রায় ২০০ কর্মকর্তার একটি বহর ছিল। এবার তার সফরসঙ্গী হিসেবে প্রায় ৪০০ কর্মকর্তা থাকার কথা রয়েছে।
২০১৯ সালের সফরের পর ২০২০ সালের জুনে লাদাখ সীমান্তে ভারত ও চীনের সেনাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। ওই ঘটনার পর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে দীর্ঘদিন ধরে উত্তেজনা ও তিক্ততা বিরাজ করে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এরপর গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেইজিং সফর করেন। ২০১৮ সালের পর দীর্ঘ সাত বছরের বিরতি শেষে মোদির চীন সফরের পর থেকেই দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তনের আভাস দেখা দেয়।
সীমান্ত ও আঞ্চলিক নিরাপত্তাসহ বিভিন্ন ইস্যুতে ভারত ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। ভারতের অরুণাচল প্রদেশ ও কেন্দ্রশাসিত লাদাখকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে চীন। ফলে শি জিনপিংয়ের আসন্ন ভারত সফরে দুই দেশের অমীমাংসিত বিভিন্ন বিষয় নিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
তবে ব্রিকস সম্মেলনের ফাঁকে শি জিনপিং ও নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে কি না, তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
চীনের এক কর্মকর্তা বলেন, চীন ব্রিকস জোটকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং জোটের বিভিন্ন উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নেয়। ভারত চলতি বছর সফলভাবে ব্রিকস সম্মেলন আয়োজন করছে এবং এতে চীনের পূর্ণ সমর্থন রয়েছে।
এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মুখপাত্র মন্তব্য করতে রাজি হননি।
বিজ্ঞাপন
সূত্র: রয়টার্স








