বিরোধী কণ্ঠ দমনে মরিয়া মোদি সরকার: অ্যামনেস্টির নিন্দা

ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ ঘিরে গণআটক ও পুলিশি পদক্ষেপের নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির অভিযোগ, প্রতিবাদ ও সমালোচনার কণ্ঠ দমনে দেশজুড়ে ভীতিকর পরিবেশ তৈরি করা হচ্ছে।
বিজ্ঞাপন
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া বক্তব্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার প্রধান আকার প্যাটেল বলেন, বিরোধী রাজনৈতিক দলের নেতা, ছাত্রসংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও আইনজীবীসহ পাঁচ হাজারের বেশি মানুষকে দিল্লি পুলিশের আটক করার খবর থেকে সমালোচনামূলক কণ্ঠ দমনের প্রচেষ্টার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।
আকার প্যাটেল বলেন, কেবল মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার অধিকার প্রয়োগের কারণে যাঁদের আটক করা হয়েছে, তাঁদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, মানবাধিকার রক্ষায় সরকারকে সর্বোচ্চ সংযম দেখাতে হবে। একই সঙ্গে জনগণের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার নিশ্চিত করা এবং এ ধরনের কর্মসূচি পালনের পরিবেশ তৈরি করার আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
ভারতের আন্তর্জাতিক আইন ও নীতিমালার প্রতি অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিয়ে আকার প্যাটেল দিল্লিতে প্রতিবাদের অধিকার সীমিত করতে আরোপ করা হয়েছে বলে অভিযোগ করা বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানান। তাঁর মতে, নাগরিকদের আন্দোলন ও প্রতিবাদ করার অধিকার ভারতের সংবিধানেও সুরক্ষিত রয়েছে।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বাতিলের দাবিতে দিল্লিতে বিক্ষোভের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও কয়েকটি বামপন্থী সংগঠন। কর্মসূচির অনুমতি না দেওয়া এবং বিক্ষোভে অংশ নিতে যাওয়া নেতাকর্মীদের আটকের ঘটনায় রাজনৈতিক বিতর্কের পাশাপাশি মানবাধিকার নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
সূত্র: আল-জাজিরা








