Logo

রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১২

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১১ অক্টোবর, ২০২৬, ১১:২১
রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১২
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০৯ জন। নিহতদের মধ্যে সৌদি আরবের চারজন নাগরিক এবং যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের একজন করে নাগরিক রয়েছেন।

বিজ্ঞাপন

রবিবার (১১ অক্টোবর) সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশনের (জিএসিএ) বিবৃতির বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, শনিবার গভীর রাতে চালানো হামলায় ১২ জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলায় বিমানবন্দরের অবকাঠামোরও ক্ষয়ক্ষতি হয়েছে।

হামলার পরপরই দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। গোষ্ঠীটির জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি বলেছেন, ইয়েমেনে সৌদি হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে। সৌদি হামলায় বেসামরিক অবকাঠামোও লক্ষ্যবস্তু হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

চলতি সপ্তাহে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এটি তৃতীয় হামলা। এর আগে বৃহস্পতিবারের হামলায় তিন সৌদি নাগরিক নিহত হন। নতুন হামলার পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে।

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট হামলাটিকে ‘পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছে। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেছেন, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী এ হামলার জবাব দেওয়া হবে।

বিজ্ঞাপন

আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে আরও জানান, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

সৌদি আরবে হুতিদের হামলার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এর আগে বিমান সংস্থাগুলোকে সৌদি আকাশসীমা ব্যবহার না করার হুঁশিয়ারি দিয়েছিল হুতি গোষ্ঠী। তাদের দাবি, পবিত্র মক্কা ও মদিনার ওপর দিয়ে চলাচল ছাড়া সৌদি আকাশসীমায় পরিচালিত যেকোনো বিমান হামলার লক্ষ্যবস্তু হতে পারে।

সর্বশেষ হামলার পর সৌদি আরবে অবস্থানরত নিজ নিজ নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও কানাডাসহ বিভিন্ন দেশের দূতাবাস। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের দূতাবাস বিমানবন্দরে গুরুতর একটি ঘটনা ঘটেছে বলে নাগরিকদের সতর্ক করেছে। কানাডার দূতাবাস রিয়াদ বিমানবন্দরে যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

বিজ্ঞাপন

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার নিন্দা জানিয়ে একে আঞ্চলিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে উল্লেখ করেছে। জর্ডান ও ওমানও সৌদি আরবের প্রতি সংহতি জানিয়েছে। সৌদি বিমানবন্দর ও অন্যান্য বেসামরিক স্থাপনায় হামলার নিন্দা জানিয়েছে জাপানের দূতাবাস। নিরাপত্তা পরিস্থিতির কারণে বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে কুয়েত এয়ারওয়েজ।

হামলার বিষয়ে হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হুতিদের বিরুদ্ধে সৌদি হামলায় যুক্তরাষ্ট্র যোগ দিতে পারে কি না, তা বিবেচনা করা হচ্ছে। সর্বশেষ হামলার খবর পাওয়ার পর দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

সূত্র: রয়টার্স, এএফপি

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD