নতুন চুক্তিতে হাত মেলাল রাশিয়া-উত্তর কোরিয়া

দুর্যোগ ব্যবস্থাপনা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে তিন বছর মেয়াদি একটি চুক্তি স্বাক্ষর করেছে রাশিয়া ও উত্তর কোরিয়া। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহায়তা বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে দেশ দুটি।
বিজ্ঞাপন
বুধবার (১৩ অক্টোবর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, পিয়ংইয়ং অ্যাসেম্বলি হলে দুই দেশের প্রতিনিধিদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উত্তর কোরিয়ার দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী কিম চল নাম এবং রাশিয়ার জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রী আলেকজান্ডার কুরেনকভ অংশ নেন। বৈঠক শেষে তাদের মধ্যে তিন বছর মেয়াদি চুক্তিটি স্বাক্ষরিত হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বৈঠকে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে দুই দেশের অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ সহায়তা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রতিনিধিরা। দুর্যোগ ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।
এ সময় উত্তর কোরিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা উপমন্ত্রী রি সু গিল এবং রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই পোডোলিশেভসহ দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলের সম্মানে পিয়ংইয়ংয়ে একটি নৈশভোজেরও আয়োজন করা হয়।
২০২৪ সালের জুনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরের পর থেকে দেশ দুটির সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা ক্রমাগত বাড়ছে।
বিজ্ঞাপন
এর ধারাবাহিকতায় ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সমর্থনে উত্তর কোরিয়া সেনা মোতায়েন করে। পরে ২০২৫ সালের জুনে রাশিয়ার কুরস্ক অঞ্চলে মাইন অপসারণ ও অবকাঠামো পুনর্নির্মাণের কাজে ছয় হাজার সামরিক প্রকৌশলী ও নির্মাণকর্মী পাঠানোর সিদ্ধান্ত নেয় পিয়ংইয়ং।
সূত্র: আনাদোলু এজেন্সি








