Logo

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর নতুন অস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৩৪
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর নতুন অস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার
ছবি: সংগৃহীত

নতুন ধরনের একটি অস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উন নিজে ওই পরীক্ষা তদারকি করেছেন বলে জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)।

বিজ্ঞাপন

মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে কেসিএনএ জানায়, রবিবার কিম জং উনের উপস্থিতিতে নতুন অস্ত্রটির পরীক্ষা চালানো হয়। তবে অস্ত্রটি ঠিক কী ধরনের, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পিয়ংইয়ং।

পরীক্ষার পর কিম জং উন এটিকে উত্তর কোরিয়ার উন্নত প্রতিরক্ষা প্রযুক্তির উদাহরণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এ ধরনের সামরিক প্রযুক্তির উন্নয়ন দেশের যুদ্ধ প্রস্তুতি জোরদারে গুরুত্বপূর্ণ।

এর দুই দিন আগে দক্ষিণ কোরিয়া ও জাপান জানিয়েছিল, উত্তর কোরিয়া পূর্ব উপকূলের দিকে দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। দুই দেশই ওই উৎক্ষেপণের নিন্দা জানিয়ে বলেছে, এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে প্রায় আট দিন আগেও উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে কয়েকটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। পরে পিয়ংইয়ং জানায়, সেগুলো ছিল সামরিক মহড়ার অংশ। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, ওই মহড়ায় দূরপাল্লার কামান ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়।

দক্ষিণ কোরিয়া বলেছে, উত্তর কোরিয়ার এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন। দেশটি পিয়ংইয়ংকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করার আহ্বান জানিয়েছে। জাপানও এ ঘটনায় উত্তর কোরিয়ার কাছে কঠোর প্রতিবাদ জানিয়েছে।

এদিকে উত্তর কোরিয়া নিজেদের পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে অবস্থান স্থায়ী বলে দাবি করে আসছে। গত সপ্তাহে দেশটি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) একটি প্রস্তাবও প্রত্যাখ্যান করে। ওই প্রস্তাবে উত্তর কোরিয়াকে পারমাণবিক কার্যক্রম বন্ধ করার আহ্বান জানানো হয়েছিল।

বিজ্ঞাপন

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, আইএইএর প্রস্তাব পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে উত্তর কোরিয়ার অবস্থানে কোনো প্রভাব ফেলবে না। এর আগে কিম জং উনের বোন কিম ইয়ো জংও বলেছিলেন, পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান চূড়ান্ত।

সূত্র: আরব নিউজ

জেবি/জেএইচআর/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD