রাশিয়ার ‘পবিত্র যুদ্ধে’ পুতিনের পাশে থাকার অঙ্গীকার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাঠানো এক চিঠিতে মস্কোর প্রতি উত্তর কোরিয়ার অবিচল সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। একই চিঠিতে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধকে ‘পবিত্র যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
বিজ্ঞাপন
মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে কিমের চিঠির বিষয়বস্তু প্রকাশ করা হয়।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, চিঠিতে কিম বলেছেন, দেশের নিরাপত্তা স্বার্থ এবং আন্তর্জাতিক ন্যায়বিচার রক্ষায় রাশিয়ার চলমান ‘পবিত্র যুদ্ধে’ বিজয়ের বিষয়ে তিনি দৃঢ়ভাবে আশাবাদী।
পুতিনকে ‘প্রিয় বন্ধু’ হিসেবে সম্বোধন করে কিম বলেন, রাশিয়া ও দেশটির জনগণের প্রতি উত্তর কোরিয়ার সমর্থন অব্যাহত থাকবে। একই সঙ্গে দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বিস্তৃত ও গভীর করার বিষয়ে তাঁর এবং উত্তর কোরিয়া সরকারের অবস্থান দৃঢ় বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে উত্তর কোরিয়া রাশিয়ার গুরুত্বপূর্ণ মিত্রদের একটি হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, মস্কোর সামরিক প্রচেষ্টায় সহযোগিতার বিনিময়ে পিয়ংইয়ং অর্থনৈতিক সুবিধা ও সামরিক প্রযুক্তি পাওয়ার সুযোগ পাচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনাদের অংশগ্রহণ নিয়েও বিভিন্ন সময়ে তথ্য এসেছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা গত বছর জানিয়েছিল, যুদ্ধে প্রায় ২ হাজার উত্তর কোরীয় সেনা নিহত হয়েছে। পরে দক্ষিণ কোরিয়া ধারণা প্রকাশ করে, নিহত ও আহত মিলিয়ে উত্তর কোরিয়ার সেনাদের সংখ্যা প্রায় ৬ হাজার হতে পারে।
বিজ্ঞাপন
এদিকে কিমের চিঠি প্রকাশের সময়ই ইউক্রেনের যুদ্ধে রাশিয়াকে সহায়তার জন্য উত্তর কোরিয়া আরও সেনা পাঠাতে পারে বলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাশিয়ায় আরও প্রায় ৫০ হাজার উত্তর কোরীয় সেনা মোতায়েন করা হতে পারে। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করেনি কিয়েভ। সেনা মোতায়েনের সম্ভাব্য সময় সম্পর্কেও কোনো নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি।
এ পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় দক্ষিণ কোরিয়ার কাছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে সিউল এখন পর্যন্ত এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।
বিজ্ঞাপন
সূত্র: এএফপি








