Logo

১০ হাজার টনের যুদ্ধজাহাজ নির্মাণের ঘোষণা কিমের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুন, ২০২৬, ১২:২৬
১০ হাজার টনের যুদ্ধজাহাজ নির্মাণের ঘোষণা কিমের
ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে ১০ হাজার টনের একটি যুদ্ধজাহাজ নির্মাণের পরিকল্পনার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি আগামী পাঁচ বছর ধরে প্রতি বছর দুটি করে ৫ হাজার টনের ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ তৈরির কর্মসূচিও বাস্তবায়নের কথা জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ জুন) বন্দরনগরী নাম্পোতে ৫ হাজার টনের ডেস্ট্রয়ার ‘চো হিয়ন’-কে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করার অনুষ্ঠানে এসব পরিকল্পনার কথা তুলে ধরেন কিম।

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, চো হিয়নকে কমিশন করার পর শিগগিরই একই শ্রেণির আরেকটি ৫ হাজার টনের ডেস্ট্রয়ার ‘ক্যাং কন’ নৌবাহিনীতে যুক্ত হবে। এটি সামরিক অভিযানের জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে জানান তিনি।

বিজ্ঞাপন

কিম আরও বলেন, আগামী পাঁচ বছর প্রতি বছর দুটি করে যুদ্ধজাহাজ নির্মাণ করা হবে। এই প্রকল্পের আওতায় একটি ১০ হাজার টনের ক্রুজারও তৈরি করা হবে। একই সঙ্গে উত্তর কোরিয়ার নৌবাহিনীকে পরমাণু অস্ত্র সক্ষমতায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, চো হিয়ন যুদ্ধজাহাজটি নৌবাহিনীতে যুক্ত করার আগে প্রায় ১৪ মাস পরীক্ষামূলকভাবে পরিচালনা করা হয়েছে।

এর আগে প্রকাশিত প্রতিবেদনে কেসিএনএ দাবি করেছিল, ডেস্ট্রয়ারটিতে উত্তর কোরিয়ার সবচেয়ে শক্তিশালী নৌ-অস্ত্র সংযোজন করা হয়েছে। চলতি বছরের এপ্রিল মাসে এই জাহাজ থেকে পরীক্ষামূলকভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্রও উৎক্ষেপণ করা হয়েছিল।

বিজ্ঞাপন

বক্তব্যে কিম জং উন বলেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্মকাণ্ড উত্তর কোরিয়াকে পরমাণু সংঘাতের ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। এমন পরিস্থিতিতে দেশের সামরিক শক্তি বৃদ্ধি ছাড়া বিকল্প কোনো পথ নেই।

তিনি আরও জানান, ভবিষ্যতে উত্তর কোরিয়ার নৌ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করার উদ্যোগ অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

সূত্র: এএফপি, রয়টার্স ও এনডিটিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD