কুয়েতে বিদেশি নাগরিকসহ ৫ দণ্ডপ্রাপ্তের ফাঁসি কার্যকর

হত্যাসহ বিভিন্ন গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত পাঁচ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কুয়েত। দেশটির সর্বোচ্চ আদালত রায় বহাল রাখার পর আমিরের অনুমোদন সাপেক্ষে কেন্দ্রীয় কারাগারে তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে পাবলিক প্রসিকিউশন।
বিজ্ঞাপন
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দণ্ড কার্যকর করা হয়। বিচার ও তদন্তের পুরো সময় দণ্ডপ্রাপ্তদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হয়েছিল, যার মধ্যে আত্মপক্ষ সমর্থন এবং আপিলের সুযোগও অন্তর্ভুক্ত ছিল।
পাবলিক প্রসিকিউশন জানায়, মামলাগুলো আপিল আদালত ও কোর্ট অব ক্যাসেশনের পর্যালোচনাসহ সব বিচারিক ধাপ অতিক্রম করেছে। পরে কুয়েতের আমির চূড়ান্ত অনুমোদন দেন।
বিজ্ঞাপন
ফাঁসিপ্রাপ্তদের মধ্যে তিনজন কুয়েতি নাগরিক, একজন মিসরীয় নাগরিক এবং একজন রাষ্ট্রহীন বাসিন্দা (বেদুন) ছিলেন।
দণ্ডপ্রাপ্তদের একজন ২০২১ সালে এক পুলিশ কর্মকর্তাকে পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ড পান। আরেক কুয়েতি নাগরিক ২০২৩ সালের একটি মামলায় অপহরণ, পরিকল্পিত হত্যা, অবৈধভাবে আটকে রাখা, মাদক সংরক্ষণ এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ রাখার দায়ে দোষী সাব্যস্ত হন।
মিসরীয় নাগরিককে ২০২৪ সালের এক মামলায় একজন নারীকে অপহরণ, ধর্ষণ ও অবৈধভাবে আটক রাখার অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। রাষ্ট্রহীন বাসিন্দা ২০২১ সালের একটি পরিকল্পিত হত্যা মামলায় দোষী সাব্যস্ত ছিলেন।
বিজ্ঞাপন
অন্যদিকে, পঞ্চম ব্যক্তি ছিলেন এক কুয়েতি নাগরিক, যিনি ২০১৭ সালে সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন।
পাবলিক প্রসিকিউশন আরও জানায়, দণ্ডপ্রাপ্তদের একজন চূড়ান্ত রায় কার্যকরের আগে মামলার পুনর্বিবেচনার আবেদন করেছিলেন। তবে সব আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর তার দণ্ডও কার্যকর করা হয়।








