Logo

ট্রাম্পের হুমকির পর যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বয়কট করলো ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুন, ২০২৬, ২০:০৪
ট্রাম্পের হুমকির পর যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বয়কট করলো ইরান
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির পর সুইজারল্যান্ডে চলমান উচ্চপর্যায়ের শান্তি আলোচনায় অংশগ্রহণ থেকে সরে দাঁড়িয়েছে ইরান। একই সঙ্গে ওয়াশিংটনের সঙ্গে ভবিষ্যতে কোনো ধরনের সংলাপে না বসার ঘোষণা দিয়েছে তেহরান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ জুন) ইরানের প্রধান আলোচক ও দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ আনুষ্ঠানিকভাবে আলোচনায় অংশগ্রহণ বন্ধ করার বিষয়টি নিশ্চিত করেন।

গালিবাফ বলেন, ইরান বরাবরই যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়ে অনাগ্রহী ছিল। মধ্যস্থতাকারী দেশগুলোর অনুরোধে তারা কেবল পরোক্ষ সংলাপে অংশ নিতে সম্মত হয়েছিল।

বিজ্ঞাপন

তার ভাষ্য অনুযায়ী, আলোচনার মাঝামাঝি সময়ে তিনি জানতে পারেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের রাষ্ট্রপতি, প্রতিনিধি দল এবং দেশটির বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন। এরপর তিনি মার্কিন প্রতিনিধি দলের প্রধান ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানান।

গালিবাফের দাবি, ট্রাম্পের বক্তব্য দুই দেশের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতার মূল শর্তের পরিপন্থী। তিনি বলেন, আলোচনার টেবিলে বসে থাকা অবস্থায় এক পক্ষের বিরুদ্ধে হুমকি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং ইরান চাপ বা ভয়ভীতি প্রদর্শনের মুখে আলোচনা চালিয়ে যেতে রাজি নয়।

এরপর ইরানি প্রতিনিধিরা বৈঠক বর্জন করে সভাকক্ষ ত্যাগ করেন। গালিবাফ জানান, তারা আলোচনা থেকে সরে আসার পর আর বৈঠকে ফিরে যাননি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, পরবর্তীতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে নতুন বৈঠকের প্রস্তাব এলেও ইরান তা প্রত্যাখ্যান করেছে। কাতার ও পাকিস্তানের প্রতিনিধিরা আলাদাভাবে ইরানের সঙ্গে বৈঠক করলেও তেহরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, তারা মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ রাখবে, কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বা পরোক্ষ কোনো আলোচনায় অংশ নেবে না।

এর আগে গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, লেবাননে তাদের সমর্থিত গোষ্ঠীগুলোর কার্যক্রম বন্ধ না হলে যুক্তরাষ্ট্র আরও কঠোর পদক্ষেপ নিতে পারে। পরে এক টেলিভিশন সাক্ষাৎকারেও তিনি হরমুজ প্রণালি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কড়া মন্তব্য করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, দীর্ঘদিনের উত্তেজনার পর পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় গত ১৪ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দফার একটি শান্তি সমঝোতা হয়। ১৮ জুন দুই দেশের শীর্ষ নেতাদের ডিজিটাল স্বাক্ষরের মাধ্যমে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়।

চুক্তির গুরুত্বপূর্ণ শর্তগুলোর মধ্যে ছিল লেবানন সংঘাত বন্ধে উদ্যোগ, আন্তর্জাতিক নৌপথ হিসেবে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা এবং ইরানের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করা।

সূত্র: আনাদোলু এজেন্সি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD