Logo

‘ভয়ে’ হুথিদের বিরুদ্ধে ইসরায়েলের সহায়তা নিলো না সৌদি আরব

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৬, ১৭:৩০
‘ভয়ে’ হুথিদের বিরুদ্ধে ইসরায়েলের সহায়তা নিলো না সৌদি আরব
ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক হামলা চালিয়ে সৌদি আরবকে সহায়তার প্রস্তাব দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে দেশের জনগণের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ার আশঙ্কায় সেই প্রস্তাবে সম্মতি দেননি সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের এক কূটনৈতিক সূত্রের বরাতে মঙ্গলবার (১৩ অক্টোবর) এ তথ্য প্রকাশিত হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের মাধ্যমে নেতানিয়াহু হুথিদের বিরুদ্ধে হামলা চালানোর প্রস্তাব দেন। সৌদি আরবের সঙ্গে সম্পর্ক জোরদার করা এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি করাই ছিল এ উদ্যোগের লক্ষ্য বলে সূত্রটি জানিয়েছে।

তবে ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতায় গেলে সৌদি জনগণের বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়তে পারেন—এমন আশঙ্কায় যুবরাজ সালমান প্রস্তাবটি গ্রহণ করেননি বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

২০২০ সালে আব্রাহাম চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। একই সময়ে মরক্কোও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেয়। সুদানের ক্ষেত্রেও সম্পর্ক স্বাভাবিকীকরণের উদ্যোগ নেওয়া হয়েছিল। সৌদি আরবের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠা ইসরায়েলের কূটনৈতিক লক্ষ্যগুলোর অন্যতম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুও আব্রাহাম চুক্তির আওতা সম্প্রসারণে আগ্রহ দেখিয়েছেন।

বিজ্ঞাপন

২০২৩ সালে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের আলোচনা উল্লেখযোগ্য অগ্রগতির কাছাকাছি পৌঁছেছিল। তবে ওই বছরের অক্টোবরে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর সেই প্রক্রিয়া থমকে যায়। গাজায় ইসরায়েলি সামরিক অভিযান ও ব্যাপক প্রাণহানির ঘটনায় দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ আরও জটিল হয়ে পড়ে।

পরবর্তী সময়ে সৌদি আরব জানায়, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হলে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ তৈরি করতে হবে। ফলে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠার সম্ভাবনা এখনো ফিলিস্তিন প্রশ্নের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত।

সূত্র: হারেৎজ, মিডল ইস্ট আই

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD