Logo

ককরোচ জনতা পার্টির পক্ষে রায় দিলো দিল্লির হাইকোর্ট

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ অক্টোবর, ২০২৬, ২০:১৭
ককরোচ জনতা পার্টির পক্ষে রায় দিলো দিল্লির হাইকোর্ট
ছবি: সংগৃহীত

ভারতের দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ বন্ধের আবেদন নাকচ করেছেন দিল্লি হাইকোর্ট। শুক্রবার (১৬ অক্টোবর) দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নেতৃত্বে অনুষ্ঠেয় এই কর্মসূচিতে নিষেধাজ্ঞা দেননি আদালত। তবে সমাবেশ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বজায় রাখতে আইনের আওতায় সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে আদালতকে জানিয়েছে দিল্লি পুলিশ।

বিজ্ঞাপন

নির্বাচনি জালিয়াতির অভিযোগে প্রতিবাদ জানাতে গত ১০ অক্টোবর সিজেপির ডাকা কর্মসূচিতে যোগ দিতে কনট প্লেসের কাছে যন্তর মন্তর রোডের দিকে যাওয়ার চেষ্টা করেন শত শত মানুষ। এ সময় তাদের আটক করে পুলিশ। এর কয়েক দিন পর আবারও বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে দলটি।

একই ইস্যুতে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট ‘ইন্ডিয়া’ও কর্মসূচি পালন করছে। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দুই পক্ষের আন্দোলন ক্রমেই কাছাকাছি আসছে বলে মনে করা হচ্ছে। জোটটির সঙ্গে সাধারণত দূরত্ব বজায় রাখা আম আদমি পার্টি (আপ) জানিয়েছে, তারা সিজেপির বিক্ষোভে অংশ নেবে। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জাতীয় পতাকা বহনের আহ্বান জানিয়েছেন অভিজিৎ দীপক।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নীতিন ওয়াসুদেও সাম্ব্রে ও বিচারপতি সঞ্জয় শর্মার বেঞ্চে বিক্ষোভ বন্ধের আবেদনটির শুনানি হয়। লাইসেন্সধারী এক পথবিক্রেতা আবেদনটি করেন। তার আশঙ্কা, বিক্ষোভের কারণে ব্যবসায়ী ও বিক্রেতাদের অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে। এ পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশকে নির্দেশ দেওয়ার আবেদন জানান তিনি।

বিজ্ঞাপন

আবেদনকারীর আইনজীবী আদালতে বলেন, উৎসবের মৌসুমে কেন্দ্রীয় দিল্লিতে আরও একটি সপ্তাহান্তের ব্যবসা বন্ধ হয়ে গেলে ব্যবসায়ী ও বিক্রেতাদের ক্ষতির মুখে পড়তে হবে। তার ভাষ্য, কনট প্লেসের সেন্ট্রাল পার্কের কেন্দ্রস্থলে বিক্ষোভের আয়োজন করা হচ্ছে, যা ব্যবসায়ীদের লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। ইতোমধ্যে দোকানপাট বন্ধ হতে শুরু করেছে বলেও দাবি করেন তিনি। দশেরার সপ্তাহান্তে এ ধরনের কর্মসূচি বন্ধের আবেদন জানান আইনজীবী।

অন্যদিকে, কর্তৃপক্ষের পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা আদালতে উপস্থিত হয়ে জানান, ককরোচ জনতা পার্টির কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। বিক্ষোভের সময় শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানানো হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD