নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার বাতিল করল ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সাবেক মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৩ ডিসেম্বর ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করার কথা রয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে না। এর আগে দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছিলেন, এ দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে। পরে ট্রাম্পও এতে অনুমোদন দিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ট্রাম্প বলেন, অনেক ভালো ও সভ্য মানুষ হাসানের মৃত্যুদণ্ড কার্যকর হতে দেখতে চান না। তবে তাঁর মতে, যুক্তরাষ্ট্র সন্ত্রাসী ও হাসানের মতো ব্যক্তিদের কীভাবে শাস্তি দেয়, তা সরাসরি সম্প্রচার করা হলে বিশ্বজুড়ে শক্তিশালী বার্তা দেওয়া যেত। শেষ পর্যন্ত সম্প্রচারের সিদ্ধান্ত বাতিল করা হলেও ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা বহাল রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
২০০৯ সালে টেক্সাসের একটি সেনা ঘাঁটিতে গুলি চালিয়ে ১৩ সেনাসদস্যকে হত্যা করেন নিদাল হাসান। এ ঘটনায় আহত হন আরও ৩২ জন। সেনাবাহিনীতে চিকিৎসক হিসেবে কর্মরত হাসান দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন।
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিভিন্ন মুসলিম দেশে সামরিক হামলার বিষয়ে ক্ষোভ থেকে তিনি নিজের সহকর্মীদের ওপর হামলা চালান।
ট্রাম্প আরও জানিয়েছেন, হাসানের গুলিতে নিহত সেনাসদস্যদের পরিবারের সদস্যরা চাইলে মৃত্যুদণ্ড কার্যকর দেখতে পারবেন। তাঁর ভাষায়, ‘তাদের পরিবার ন্যায়বিচার দেখার অধিকার রাখে।’
সূত্র: বিবিসি








