Logo

চা বিক্রেতা দুরুদ মিয়া হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
১২ অক্টোবর, ২০২৬, ১৬:০৬
চা বিক্রেতা দুরুদ মিয়া হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
ছবি: সংগৃহীত

মৌলভীবাজার সদর উপজেলার নারাইনপাশা এলাকার চা বিক্রেতা দুরুদ মিয়া হত্যা মামলায় ছাদিক মিয়া নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাত আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১২ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামসাদ বেগম এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১২ জুন সকালে নারাইনপাশা এলাকার চা বিক্রেতা দুরুদ মিয়া তাঁর কাছে পাওনা ১ হাজার ২৬৩ টাকা ছাদিক মিয়ার কাছে চান। এতে ক্ষিপ্ত হয়ে ছাদিক সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর তিনি কয়েকজনকে সঙ্গে নিয়ে ফিরে এসে ধারালো অস্ত্র দিয়ে দুরুদ মিয়াকে আঘাত করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

গুরুতর আহত দুরুদ মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ওই দিন রাত সাড়ে ১১টার দিকে নিহতের ছেলে মকবুল মিয়া বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় আটজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দীর্ঘ শুনানি শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত ছাদিক মিয়াকে মৃত্যুদণ্ড দেন। রায়ে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ৩৬৮(১) ধারার বিধান অনুযায়ী, তাঁর মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

এ মামলায় খালাস পাওয়া সাত আসামি হলেন তছকির মিয়া, সিরাজ মিয়া, নুরুল ইসলাম, ছাইফুর রহমান, আতাউর রহমান, শফিক মিয়া ও আছাব মিয়া।

রায় ঘোষণার পর নিহত দুরুদ মিয়ার স্বজনেরা সন্তোষ প্রকাশ করেন। তাঁরা বলেন, এ রায়ের মাধ্যমে তাঁরা ন্যায়বিচার পেয়েছেন। অন্যদিকে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও তাঁর স্বজনেরা রায় শোনার পর আদালত প্রাঙ্গণে কান্নায় ভেঙে পড়েন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD