Logo

সেনা হত্যার দণ্ডপ্রাপ্ত হাসানের মৃত্যুদণ্ড লাইভ দেখাবে যুক্তরাষ্ট্র

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ অক্টোবর, ২০২৬, ১৬:৫৬
সেনা হত্যার দণ্ডপ্রাপ্ত হাসানের মৃত্যুদণ্ড লাইভ দেখাবে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে গুলি চালিয়ে ১৩ জন সেনাসদস্যকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক আদালতের রায় অনুযায়ী, ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে আগামী ৩ ডিসেম্বর তার মৃত্যুদণ্ড কার্যকর করার কথা রয়েছে। পাশাপাশি, এ ঘটনা সরাসরি সম্প্রচারের পরিকল্পনার কথাও জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

৮ অক্টোবর পেন্টাগনের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা লাইভস্ট্রিম করা হবে। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, “এটি সরাসরি সম্প্রচার করা হবে। বিস্তারিত পরে জানানো হবে।”

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সরাসরি সম্প্রচারের পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তিনি হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের পক্ষে অবস্থান নিয়েছেন।

ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড ঘিরে বিতর্ক

বিজ্ঞাপন

সেনাবাহিনীর সাবেক মনোরোগ বিশেষজ্ঞ নিদাল হাসান ২০০৯ সালে ফোর্ট হুডের একটি চিকিৎসাকেন্দ্রে গুলি চালান। ওই হামলায় ১৩ জন নিহত হন। হামলার সময় তিনি লেজার-সাইটযুক্ত একটি হ্যান্ডগান ব্যবহার করেছিলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

হাসানের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে ১৯৪৫ সালের পর মার্কিন সামরিক বাহিনীতে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের প্রথম ঘটনা হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে মৃত্যুদণ্ডবিরোধী সংগঠন ডেথ পেনাল্টি অ্যাকশনের তথ্য অনুযায়ী, ১৯৬১ সালের পর এটি হবে সামরিক বাহিনীতে প্রথম মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা—যদিও ওই সময় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল ফাঁসিতে ঝুলিয়ে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা টেলিভিশনে সম্প্রচারের চেষ্টা অতীতেও হয়েছে। তবে আদালতের বাধার কারণে সেসব উদ্যোগ সফল হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আইনগতভাবে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা সরাসরি সম্প্রচারের নজিরও অত্যন্ত বিরল।

বিজ্ঞাপন

ইয়েল ল স্কুলের প্রভাষক ও সামরিক আইন বিশেষজ্ঞ ইউজিন ফিদেল এ ধরনের সম্প্রচারের পরিকল্পনাকে অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, “এই ঘটনাটি সরাসরি সম্প্রচার (লাইভস্ট্রিম) করাটা হবে অত্যন্ত, অত্যন্ত অদ্ভুত" একটি বিষয়।”

তার মতে, ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের দীর্ঘ ইতিহাস থাকলেও এ ধরনের ঘটনা সরাসরি সম্প্রচার বা টেলিভিশনে দেখানো নজিরবিহীন হবে।

মৃত্যুদণ্ড কার্যকরে অনুমোদন ও রাজনৈতিক অবস্থান

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য মার্কিন প্রেসিডেন্টের অনুমোদন প্রয়োজন। পেন্টাগন সূত্রের বরাতে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের সুপারিশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ অনুমোদন দিয়েছেন।

সম্প্রতি টেনেসির এক নারীর মৃত্যুদণ্ড কার্যকালে প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের প্রক্রিয়া ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড পদ্ধতি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে হাসানের মৃত্যুদণ্ড কার্যকর এবং তা সরাসরি সম্প্রচারের পরিকল্পনা আলোচনায় এসেছে।

নিদাল হাসানের জন্ম ১৯৭০ সালে ভার্জিনিয়া অঙ্গরাজ্যে। তার বাবা-মা ফিলিস্তিনের পশ্চিম তীরের আল-বিরহ শহর থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়েছিলেন এবং পরে মার্কিন নাগরিকত্ব লাভ করেন। হাসান মার্কিন সেনাবাহিনীর সাবেক মেজর ও মনোরোগ বিশেষজ্ঞ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD