Logo

৩ নভেম্বরের নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ অক্টোবর, ২০২৬, ১৪:১০
৩ নভেম্বরের নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার আগে ইরানে নতুন করে হামলা চালানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের আলোচনা ফলপ্রসূ হওয়ার আশা প্রকাশ করেছেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান অর্থনৈতিক ও সামরিক—উভয় দিক থেকেই দুর্বল অবস্থায় রয়েছে। দেশটির ওপর আরোপিত অবরোধও পূর্ণমাত্রায় কার্যকর থাকবে। এসব পরিস্থিতির মধ্যেও আগামী ৩ নভেম্বরের নির্বাচনের আগে ইরানকে লক্ষ্য করে কোনো হামলা চালানো হবে না বলে স্পষ্ট করেন তিনি।

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহনের কথা উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, গত রাতেই এই জলপথ দিয়ে ২ কোটি ২০ লাখ ব্যারেল তেল প্রবাহিত হয়েছে। তবে এর এক ব্যারেলও ইরান থেকে আসেনি কিংবা দেশটিতে যায়নি বলে মন্তব্য করেন তিনি।

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা বর্তমানে ইরানের ইসলামি প্রজাতন্ত্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছেন। এই আলোচনার মাধ্যমে ইতিবাচক ফল পাওয়া যাবে বলে তিনি আশা করছেন।

বিজ্ঞাপন

গত কয়েক মাসে প্রকাশিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি-বেসরকারি জরিপে দেখা গেছে, ইরান যুদ্ধের প্রভাবে ট্রাম্পের অভ্যন্তরীণ জনসমর্থন কমেছে। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া এই সংঘাত আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির জন্যও বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে দলটির প্রার্থীদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রয়টার্স-ইপসোসের সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী, প্রায় ৬০ শতাংশ মার্কিনি ইরান পরিস্থিতি মোকাবিলায় ট্রাম্পের পদক্ষেপের সঙ্গে একমত নন। তাঁদের মধ্যে রিপাবলিকান দলের সদস্য ও সমর্থকেরাও রয়েছেন। যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে। অন্যদিকে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ভোটারদের অন্যতম প্রধান উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ট্রাম্প একাধিকবার বলেছেন, নির্বাচনের পর তেলের দাম কমে আসবে বলে তিনি আশা করছেন। তবে যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনার বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট ও বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করেননি তিনি।

বিজ্ঞাপন

যুদ্ধ বন্ধ করা এবং আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্র পরস্পরের কাছে বিভিন্ন প্রস্তাব দিয়েছে। তবে তেহরানের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প।

এদিকে, বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করবে না এবং নিজেদের ইউরেনিয়ামের মজুদও হস্তান্তর করবে না। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধানের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়।

এর কয়েক দিন আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রয়টার্সকে বলেছিলেন, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা উল্লেখযোগ্য মাত্রায় কমাতে হবে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের পশ্চিমা মিত্ররা দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালানোর অভিযোগ করে আসছে। তবে তেহরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD