দ্রুত ইমাম মাহদীর আগমন হোক, আশা মোজতবা খামেনির

ইরানের নিরাপত্তা রক্ষায় পুলিশ বাহিনীর সাহসিকতা ও আত্মত্যাগের প্রশংসা করেছেন দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ মোজতবা খামেনি। একই সঙ্গে ইমাম মাহদীর পুনরাগমন ত্বরান্বিত হওয়ার আশা প্রকাশ করেছেন তিনি।
বিজ্ঞাপন
শুক্রবার (৯ অক্টোবর) ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বার্তায় মোজতবা খামেনি বলেন, নিরাপত্তা মহান আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নেয়ামত। ইরানের বড় শহর থেকে শুরু করে প্রত্যন্ত সীমান্ত অঞ্চল পর্যন্ত এই নিরাপত্তা বজায় রাখতে পুলিশ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি আশা প্রকাশ করেন, অভিভাবক ইমাম মাহদীর দোয়া ও বরকতে ইসলামি ইরানের নিরাপত্তা, শক্তি ও মর্যাদা আরও বাড়াতে পুলিশ সদস্যরা ধারাবাহিক সাফল্য অর্জন করবেন। এ সময় তিনি ইমাম মাহদীর পবিত্র পুনরাগমন ত্বরান্বিত হওয়ার প্রার্থনাও করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া দ্বিতীয় ও তৃতীয় যুদ্ধের প্রসঙ্গ তুলে ধরে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শত্রুপক্ষ পুলিশ বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কমান্ডার থেকে শুরু করে সম্মুখসারির সদস্যদের লক্ষ্য করে ধারাবাহিকভাবে হামলার চেষ্টা চালিয়েছে। তবে এসব আক্রমণের মধ্যেও পুলিশ সদস্যরা দায়িত্ব পালনে বিন্দুমাত্র পিছপা হননি।
পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী করার ওপরও গুরুত্ব দেন মোজতবা খামেনি। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি মানবসম্পদ এবং হার্ডওয়্যার ও সফটওয়্যারের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে হবে।
বার্তার শেষাংশে পুলিশ বাহিনীর প্রধান কমান্ডারসহ সব সদস্যের নিষ্ঠা, সাহসিকতা ও দায়িত্বশীলতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।








