ইরান যুদ্ধ বন্ধ করতে ‘সবকিছু’ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন

ইরানে চলমান যুদ্ধের অবসান ঘটাতে তেহরানকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত মস্কো। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে এ আশ্বাস দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বিজ্ঞাপন
কমনওয়েলথ অব ইন্ডিপেনডেন্ট স্টেটসের (সিআইএস) সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার (৮ অক্টোবর) তুর্কমেনিস্তানে যান পুতিন ও পেজেশকিয়ান। সফরকালে দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এ বিষয়ে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে পুতিন বলেন, যুদ্ধ পরিস্থিতি থেকে উত্তরণে ইরানকে সহায়তা করার জন্য রাশিয়া তার সাধ্যের মধ্যে সবকিছু করতে প্রস্তুত। তাঁর ভাষ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই ইরান যুদ্ধের অবসান ঘটাতে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
বক্তব্যে রাশিয়া ও ইরানের সম্পর্কের ইতিবাচক অগ্রগতির কথাও তুলে ধরেন পুতিন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে দুই দেশ কূটনৈতিক ও সামরিক সহযোগিতা আরও জোরদার করেছে। পাশাপাশি সামরিক খাতের পাশাপাশি অর্থনীতি ও বাণিজ্যেও তাদের পারস্পরিক নির্ভরতা বেড়েছে। উভয় দেশই যুক্তরাষ্ট্রের বিভিন্ন নিষেধাজ্ঞার মুখে রয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
শুক্রবার (৯ অক্টোবর) তুর্কমেনিস্তানের কাস্পিয়ান সাগর উপকূলের অবকাশকেন্দ্র আভাজায় সিআইএস সম্মেলন শুরু হওয়ার কথা। পুতিন ও পেজেশকিয়ান বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটিতে পৌঁছান।
এর আগে গত সেপ্টেম্বরে কিরগিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনের ফাঁকে সর্বশেষ বৈঠক করেছিলেন দুই নেতা।
এদিকে, ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো অভিযোগ করে আসছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইরান মস্কোকে শাহেদ ড্রোন ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে। অন্যদিকে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা ও লক্ষ্যবস্তুতে হামলার জন্য ইরানকে প্রয়োজনীয় লক্ষ্য নির্ধারণসংক্রান্ত তথ্য দেওয়ার অভিযোগ রয়েছে রাশিয়ার বিরুদ্ধেও।
বিজ্ঞাপন
তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা যখন অচলাবস্থার মুখে, তখন পুতিন ও পেজেশকিয়ানের এই বৈঠক অনুষ্ঠিত হলো। চলতি সপ্তাহে পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করাকে ‘অর্থহীন’ বলে মন্তব্য করেছেন।








