Logo

ফিলিস্তিনিদের প্রতি পূর্ণ সমর্থন জানালেন বারাক ওবামা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ অক্টোবর, ২০২৬, ১৭:৫৭
ফিলিস্তিনিদের প্রতি পূর্ণ সমর্থন জানালেন বারাক ওবামা
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে গাজায় চলমান ধ্বংসযজ্ঞ ও রক্তপাতের তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, গাজায় যে ধ্বংসযজ্ঞ ও রক্তপাত চলছে, তা যেকোনো বিবেকবান মানুষের হৃদয়কে ব্যথিত করবে। দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ ও বঞ্চনার পরিণতিতেই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

সম্প্রতি উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি গ্রহণ করতে যান ওবামা। সেখানে প্রখ্যাত সাংবাদিক সুসান ম্যাককের সঙ্গে এক আলোচনায় গাজা যুদ্ধ নিয়ে নিজের উদ্বেগ ও ক্ষোভের কথা তুলে ধরেন তিনি।

ওবামার বক্তব্য অনুযায়ী, ফিলিস্তিনিদের জমি দখল এবং তাদের ওপর ইসরাইলের শক্তি প্রয়োগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। নিজেদের হারানো ভূমি ফিরে পাওয়ার জন্য ফিলিস্তিনিদের সংগ্রামকে তিনি স্বাভাবিক বলে উল্লেখ করেন।

ইসরাইলকে সতর্ক করে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে কখনোই স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ফিলিস্তিনিদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ এবং তাদের বসতভিটা কেড়ে নেওয়ার কারণে ইসরাইল তার নৈতিক অবস্থান হারাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ইউরোপে ইহুদিদের ওপর অতীতে সংঘটিত নিপীড়নের বিষয়টি স্বীকার করেও ওবামা বলেন, নিজেদের ভূমি হারিয়ে ফিলিস্তিনিরাও গুরুতর অন্যায়ের শিকার হয়েছেন। ইসরাইল সাধারণ মানুষের জমি দখল করেছে এবং শক্তির অপব্যবহার করেছে। এ পরিস্থিতিতে হারানো জমি পুনরুদ্ধারের জন্য ফিলিস্তিনিদের লড়াইকে অস্বাভাবিক বলা যায় না।

প্রযুক্তি ও সামরিক শক্তিতে এগিয়ে থাকাই সবকিছু নয় উল্লেখ করে ওবামা বলেন, শক্তিশালী হওয়ার কারণে যা ইচ্ছা তা করার এবং কাউকে ছাড় না দেওয়ার মানসিকতা দীর্ঘমেয়াদে ইসরাইলের নৈতিক ভিত্তিকে দুর্বল করে দিচ্ছে। এ ধরনের অবস্থান থেকে সাময়িক সুবিধা পাওয়া গেলেও তা স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে না।

বর্তমান ইসরাইলি সরকারকে বাস্তবতা উপলব্ধি করার পরামর্শ দিয়ে ওবামা বলেন, প্রায় ৭০ লাখ ফিলিস্তিনি এই ভূখণ্ড ছেড়ে কোথাও চলে যাবে না। নিজেদের কাছে যা গ্রহণযোগ্য নয়, তা ফিলিস্তিনিদের ওপর জোর করে চাপিয়ে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

বিজ্ঞাপন

সূত্র: আনাদোলু এজেন্সি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD