Logo

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে ২০ হাজার শিক্ষার্থী নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৭ অক্টোবর, ২০২৬, ১৫:৫৪
ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে ২০ হাজার শিক্ষার্থী নিহত
ছবি: সংগৃহীত

গাজা ও অধিকৃত পশ্চিম তীরে গত তিন বছরে ইসরায়েলি হামলায় ২০ হাজার ৭৪৮ জন শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়। একই সময়ে শিক্ষা খাতের ১ হাজার ৫৮ জন কর্মকর্তা ও কর্মচারী নিহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) প্রকাশিত এক পরিসংখ্যান প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষক-কর্মী রয়েছেন। এ ছাড়া হাজার হাজার মানুষ আহত ও আটক হয়েছেন। বহু শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস বা হামলার শিকার হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

গাজা উপত্যকায় ১৯ হাজার ১৮৯ জন স্কুল শিক্ষার্থী এবং ১ হাজার ৩৮৬ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৮ হাজার ৫৮৬ জন স্কুল শিক্ষার্থী ও ৩ হাজার ৮২ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।

এ ছাড়া গাজায় ৮০৫ জন স্কুল পর্যায়ের শিক্ষা ও প্রশাসনিক কর্মী এবং ২৪৬ জন বিশ্ববিদ্যালয় কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন যথাক্রমে ৩ হাজার ২৯৮ জন ও ১ হাজার ৪৯৩ জন।

বিজ্ঞাপন

অধিকৃত পশ্চিম তীরে ১৩৪ জন স্কুল শিক্ষার্থী ও ৩৯ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৭১ জন স্কুল শিক্ষার্থী ও ২৮৩ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। ইসরায়েলি বাহিনী ৪১৬ জন স্কুল শিক্ষার্থী ও ৪৮১ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে আটক করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পশ্চিম তীরে সাতজন স্কুল পর্যায়ের শিক্ষা ও প্রশাসনিক কর্মী নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। এ ছাড়া ১৭৬ জনের বেশি শিক্ষক ও স্কুলকর্মী এবং ২১ জন বিশ্ববিদ্যালয় কর্মী আটক হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজায় ১৭৯টির বেশি সরকারি স্কুল পুরোপুরি ধ্বংস হয়েছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর ১০৫টির বেশি স্কুলও বোমা হামলায় ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। পাশাপাশি ৬৩টির বেশি বিশ্ববিদ্যালয় ভবন পুরোপুরি ধ্বংস হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

বিজ্ঞাপন

ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজারের বেশি আহত হয়েছেন। একই সময়ে গাজার অবকাঠামোর প্রায় ৯০ শতাংশ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য উল্লেখ করেছে আনাদোলু এজেন্সি।

পশ্চিম তীরেও ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলা বেড়েছে। ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে সেখানে ১ হাজার ২১০ জন ফিলিস্তিনি নিহত, ১৩ হাজার ৩৫০ জনের বেশি আহত এবং ২৪ হাজার ৬০০ জনের বেশি আটক হয়েছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD