সৌদি আরবের দুই বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হুথিদের হামলা

সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দর ও চারটি সেনাঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। বুধবার (৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ দাবি করেন হুথি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারী।
বিজ্ঞাপন
ইয়াহিয়া সারী জানান, বুধবার ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কয়েকটি ড্রোন নিক্ষেপ করেছে হুথি যোদ্ধারা। তার দাবি, হামলাটি ছিল সুনির্দিষ্ট ও পরিকল্পিত। এতে বিমানবন্দরটির ফ্লাইট পরিচালনায় বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি হয়েছে।
হুথি মুখপাত্র আরও দাবি করেন, একই সময় সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরেও বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তার দাবি, এসব হামলার কারণে আবহা বিমানবন্দরের ফ্লাইট পরিচালনাও বিশৃঙ্খল হয়ে পড়ে।
এ ছাড়া খামিস মুশাইতের একটি সেনাঘাঁটি, জাজান প্রদেশের রাজধানী জিজানের দাঘারি ও আল-মাউসিম সেনাঘাঁটি এবং আসির প্রদেশের আনকিফাহ সেনাঘাঁটিতেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেন ইয়াহিয়া সারী।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
হুথি মুখপাত্রের দাবি, হামলায় ওই সেনাঘাঁটিগুলোতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এসব হামলা ও ক্ষয়ক্ষতির দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
এদিকে হুথিদের এসব দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কোনো মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে পৃথক এক বিবৃতিতে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রিয়াদ অভিমুখে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝপথে শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।
জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি এক্সে দেওয়া বিবৃতিতে বলেন, ‘সন্ত্রাসী হুথি মিলিশিয়ার ছোড়া ওই ক্ষেপণাস্ত্রটি রিয়াদের উত্তরে আটকে দেওয়া হয়।’
বিজ্ঞাপন
আল-মালিকি আরও জানান, জোটের গোয়েন্দা ব্যবস্থার মাধ্যমে ইয়েমেনের রাজধানী সানায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণের একটি স্থান শনাক্ত করা হয়েছে।
তিনি বলেন, ‘আমরা জোটের গোয়েন্দাদের মাধ্যমে সানার উৎক্ষেপণ কেন্দ্রটির ওপর নজর রাখছি এবং এটি আমরা ধ্বংস করব।’








