Logo

সৌদি আরবের আভা বিমানবন্দরে হুথিদের ব্যালিস্টিক মিসাইল হামলা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ অক্টোবর, ২০২৬, ১৬:৪৬
সৌদি আরবের আভা বিমানবন্দরে হুথিদের ব্যালিস্টিক মিসাইল হামলা
ছবি: সংগৃহীত

সৌদি আরবের আসির প্রদেশের আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। গত কয়েকদিন ধরে সৌদির বিভিন্ন বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান-সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠী।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ অক্টোবর) হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেন, আভা বিমানবন্দরে হামলাটি ছিল ‘নির্ভুল এবং সরাসরি’। এতে বিমানবন্দরের বিমান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন তিনি।

সৌদি আকাশসীমা দিয়ে বিমান পরিচালনা না করতে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইয়াহিয়া সারে। তিনি বলেন, ‘সৌদির আকাশসীমায় বিমান চালালে কী পরিণতি ভোগ করতে হবে আমরা আমাদের সেই সতর্কতা আবারও পুনর্ব্যক্ত করছি। তাদের আকাশসীমা এখন আমাদের সামরিক লক্ষ্যের বিষয়ে পরিণত হয়েছে।’

হুথিদের সর্বশেষ হামলার বিষয়ে সৌদি আরব এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। এর আগে জাজান ও নাজরান বিমানবন্দরেও হামলা চালানোর দাবি করেছিল হুথিরা। সৌদি কর্তৃপক্ষ ওই হামলার তথ্য নিশ্চিত করে জানিয়েছিল, এতে দুই বিমানবন্দরের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে ইয়েমেনের সেনাবাহিনী বাব আল-মান্দেব প্রণালির আশপাশ থেকে হুথি যোদ্ধাদের হটিয়ে দেওয়ার পাশাপাশি লোহিত সাগরের তীরবর্তী বন্দরনগরী মোখার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে।

সোমবার (৫ অক্টোবর) লোহিত সাগরের উপকূল ধরে সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনী দ্রুত অগ্রসর হয়। এ সময় বাব আল-মান্দেব প্রণালির আশপাশের কয়েকটি অবস্থান থেকে হুথি যোদ্ধাদের সরিয়ে দিয়ে মোখার দিকে এগিয়ে যাওয়ার দাবি করা হয়।

সোমবার স্থানীয় সময় বিকেলে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্সিয়াল পরিষদ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মোখা সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে। সরকারি আরেকটি সূত্রের দাবি, সৌদি বিমানবাহিনীর সহায়তায় সেনারা শহরটির উপকণ্ঠে পৌঁছেছে এবং হুথি যোদ্ধারা পাহাড়ি এলাকার দিকে পিছু হটছে।

বিজ্ঞাপন

তবে মোখা দখলের দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। হুথি বিদ্রোহীরাও ইয়েমেনি সরকারের এই দাবি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD