ডান হাতের তালু চুলকালেই কি টাকা আসে?

ডান হাতের তালু চুলকালে হাতে টাকা আসে—এমন বিশ্বাস সমাজে দীর্ঘদিন ধরে প্রচলিত। আবার অনেকের ধারণা, বাম হাতের তালু চুলকালে অপ্রত্যাশিত খরচের ইঙ্গিত মেলে। তবে চিকিৎসাবিজ্ঞানের মতে, এসব বিশ্বাসের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। বরং হাতের তালুতে চুলকানি শরীরের বিভিন্ন স্বাস্থ্যসমস্যার লক্ষণ হতে পারে।
বিজ্ঞাপন
স্বাস্থ্যবিষয়ক প্ল্যাটফর্ম মেডিকেল নিউজ টুডে জানায়, হাতের তালুতে বারবার চুলকানি হলে সেটিকে অবহেলা করা উচিত নয়। কারণ এটি কখনো কখনো শরীরের অন্তর্নিহিত রোগের ইঙ্গিত দিতে পারে।
যেসব কারণে হাতের তালু চুলকাতে পারে
একজিমা: হাতের তালু চুলকানোর সবচেয়ে সাধারণ কারণগুলোর একটি হলো একজিমা। এতে ত্বক শুষ্ক, খসখসে ও ফেটে যেতে পারে। অনেক সময় ছোট পানিভরা ফোসকাও দেখা দেয়।
বিজ্ঞাপন
ডায়াবেটিস: দীর্ঘদিন রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে ত্বক শুষ্ক হয়ে চুলকানি দেখা দিতে পারে। কখনো ছোট লালচে দাগও হতে পারে।
অ্যালার্জি বা কনটাক্ট ডার্মাটাইটিস: সাবান, ডিটারজেন্ট, জীবাণুনাশক, সুগন্ধি, ল্যাটেক্স গ্লাভস, ধাতব অলংকার বা রাসায়নিকের সংস্পর্শে অ্যালার্জির কারণে হাতের তালুতে চুলকানি হতে পারে।
যকৃতের রোগ: কিছু ক্ষেত্রে হাতের তালুতে চুলকানি প্রাইমারি বিলিয়ারি কোলাঞ্জাইটিস (PBC)-এর মতো যকৃতের রোগের লক্ষণ হতে পারে। এ অবস্থায় জন্ডিস, গাঢ় রঙের প্রস্রাব, বমি বমি ভাব ও হাড়ে ব্যথাও দেখা দিতে পারে।
বিজ্ঞাপন
ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া: নতুন কোনো ওষুধ সেবনের পর অ্যালার্জির প্রতিক্রিয়ায় হাত ও পায়ের তালুতে চুলকানি হতে পারে। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করা উচিত নয়।
স্নায়ুর সমস্যা: ডায়াবেটিসজনিত স্নায়ুর ক্ষতি বা কার্পাল টানেল সিনড্রোমের কারণেও হাতের তালুতে চুলকানি, ঝিনঝিন ভাব, অবশ হয়ে যাওয়া বা ব্যথা হতে পারে।
কখন চিকিৎসকের কাছে যাবেন?
বিজ্ঞাপন
নিচের যেকোনো লক্ষণ থাকলে চিকিৎসকের পরামর্শ নিন—
চুলকানি দীর্ঘদিন ধরে থাকলে বা বারবার ফিরে এলে।
ত্বকে ফুসকুড়ি, লালচে ভাব বা ফোসকা দেখা দিলে।
বিজ্ঞাপন
হাতে ব্যথা, অবশভাব বা ঝিনঝিন অনুভূতি থাকলে।
জন্ডিস, গাঢ় প্রস্রাব বা অন্য অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে।
মনে রাখবেন: ডান হাতের তালু চুলকানো টাকা আসার লক্ষণ—এমন বিশ্বাসের কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। হাতের তালুতে চুলকানি হলে এর প্রকৃত কারণ শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়াই সবচেয়ে নিরাপদ।








