পেঁয়াজ কাটার সঙ্গে চোখের পানির সম্পর্ক কী?

রান্নার কাজে পেঁয়াজ কাটতে গিয়ে চোখে পানি আসার অভিজ্ঞতা কমবেশি সবারই রয়েছে। পেঁয়াজ কাটার কয়েক মুহূর্তের মধ্যেই চোখে শুরু হয় জ্বালাপোড়া, সঙ্গে গড়িয়ে পড়ে পানি। কিন্তু সামান্য পেঁয়াজ কাটলেই এমনটা কেন ঘটে? এর পেছনে রয়েছে একটি বিশেষ রাসায়নিক বিক্রিয়া।
বিজ্ঞাপন
পেঁয়াজের কোষের ভেতরে সালফারযুক্ত বিভিন্ন উপাদান থাকে। কাটার সময় পেঁয়াজের কোষগুলো ভেঙে যায় এবং এসব উপাদান একে অপরের সংস্পর্শে আসে। তখন অ্যালিনেজ নামের একটি এনজাইম রাসায়নিক বিক্রিয়া ঘটাতে সাহায্য করে। এর ফলে তৈরি হয় সিন-প্রোপেনেথিয়াল-এস-অক্সাইড (Syn-propanethial-S-oxide) নামের একটি উদ্বায়ী রাসায়নিক যৌগ।
এই যৌগ বাতাসের মাধ্যমে চোখে পৌঁছে চোখের সংবেদনশীল স্নায়ুকে উত্তেজিত করে। ফলে চোখে জ্বালাপোড়া শুরু হয়। বিরক্তিকর এই রাসায়নিক পদার্থ থেকে নিজেকে রক্ষা করতে চোখ স্বাভাবিকভাবেই বেশি পরিমাণে পানি তৈরি করে। এ কারণেই পেঁয়াজ কাটার সময় চোখ দিয়ে পানি পড়ে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পেঁয়াজ কাটলে চোখে পানি কমাবেন যেভাবে
পেঁয়াজ কাটার সময় চোখে পানি পড়া পুরোপুরি বন্ধ করা কঠিন। তবে কয়েকটি সহজ কৌশল অনুসরণ করলে এই অস্বস্তি অনেকটাই কমানো সম্ভব।
১. কাটার আগে ফ্রিজে রাখুন: পেঁয়াজ কাটার আগে ১৫ থেকে ৩০ মিনিট ফ্রিজে রেখে দিতে পারেন। ঠান্ডা তাপমাত্রায় ঝাঁজালো রাসায়নিক পদার্থের বাষ্প ছড়িয়ে পড়ার গতি কমতে পারে। এতে চোখে জ্বালাপোড়াও তুলনামূলক কম হয়।
বিজ্ঞাপন
২. ধারালো ছুরি ব্যবহার করুন: ভোঁতা ছুরির পরিবর্তে ধারালো ছুরি দিয়ে পেঁয়াজ কাটুন। এতে কোষের ক্ষতি তুলনামূলক কম হয় এবং চোখে জ্বালাপোড়া সৃষ্টিকারী রাসায়নিক পদার্থের নিঃসরণও কমতে পারে।
৩. বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন: ফ্যানের বাতাস বা ভালো বায়ু চলাচল করে এমন জায়গায় পেঁয়াজ কাটুন। এতে ঝাঁজালো রাসায়নিক পদার্থ চোখের কাছাকাছি জমতে পারে না।
পেঁয়াজ কাটার সময় চোখে পানি আসা কোনো অস্বাভাবিক বিষয় নয়। এটি বিরক্তিকর রাসায়নিক পদার্থের বিরুদ্ধে চোখের স্বাভাবিক প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া। তাই পেঁয়াজ কাটার আগে কয়েকটি সহজ কৌশল মেনে চললে চোখের জ্বালাপোড়া ও পানি পড়ার সমস্যা অনেকটাই কমানো সম্ভব।








